সংবাদদাতা, উলুবেড়িয়া: জাতীয় সড়কের পাশে থাকা হোটেলের শৌচালয়ের বর্জ্য নিকাশিনালা দিয়ে গ্রামের পুকুরে এসে মেশায় পরিবেশকে দূষিত করছে। বুধবার পৃথক নিকাশিনালা তৈরির দাবি জানিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ক্ষুব্ধ গ্রামবাসীরা হোটেলের সামনের অংশ ঘিরে দেন। পরে বাগনান থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে বাগনান থানার নাউপালায়।
জানা গিয়েছে, নাউপালায় ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনের পাশে বেশ কয়েকটি হোটেল রয়েছে। যেখানে প্রতিদিন দূরপাল্লার বিভিন্ন বাস এসে দাঁড়ায়। অভিযোগ, এইসব হোটেলের শৌচালয়ের নোংরা ও বর্জ্য নিকাশিনালা দিয়ে এসে গ্রামের পুকুরে মেশে। তাতে গ্রামের পরিবেশ দূষিত হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার গ্রামবাসীরা হোটেলগুলির সামনে এসে বিক্ষোভ দেখায়। পাশাপাশি হোটেলগুলির প্রবেশপথ বাঁশ দিয়ে ঘিরে দেন তাঁরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বাগনান থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই গ্রামের বাসিন্দা দেবরাজ মণ্ডলের অভিযোগ, জাতীয় সড়কের ধারে নিকাশিনালা বুজিয়ে তার উপরে বেআইনিভাবে হোটেল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষ যে নিকাশিনালা তৈরি করেছে, সেই নালা দিয়ে শৌচালয়ের বর্জ্য জল গ্রামের মন্দির সংলগ্ন পুকুরে এসে মিশছে। এতে পরিবেশ নষ্ট হচ্ছে। পুলিশ এসে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে। পৃথক নিকাশিনালা নির্মাণের জন্য এক সপ্তাহ সময় চেয়েছে হোটেল কর্তৃপক্ষ। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, নিকাশিনালা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের একটা সমস্যা হয়েছিল। আমরা কথা বলেছি। আশা করি, এক সপ্তাহের মধ্যেই সমস্যা মিটে যাবে।