নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশি মুদ্রা বদলের কাউন্টার বন্ধ থাকায় রোজই ভুগতে হচ্ছে বিমানযাত্রীদের। কবে কাউন্টার খুলবে, তা নিশ্চত করে বলতে পারেননি স্বয়ং বিমানবন্দরের অধিকর্তা। বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য, পরিষেবা দ্রুত চালু করার চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশি মুদ্রা বদলের কাউন্টার বন্ধ থাকায় রোজই ভুগতে হচ্ছে বিমানযাত্রীদের। কবে কাউন্টার খুলবে, তা নিশ্চত করে বলতে পারেননি স্বয়ং বিমানবন্দরের অধিকর্তা। বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য, পরিষেবা দ্রুত চালু করার চেষ্টা চলছে।
কলকাতা বিমানবন্দরের আন্তর্জাতিক বিভাগে চারটি বিদেশি মুদ্রা বদলের কাউন্টার ছিল। কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে তা বন্ধ। একটি কাউন্টারও চালু নেই। যেখানে প্রতিদিন কয়েক হাজার আন্তর্জাতিক বিমানযাত্রী যাতায়াত করেন, সেখানে বিদেশি মুদ্রা বদলের কাউন্টার বন্ধ থাকায় প্রভূত সমস্যায় পড়েছেন বিমানযাত্রীরা। এনিয়ে প্রায়ই এয়ারপোর্ট ম্যানেজারের অফিসে এসে অভিযোগ জানিয়ে যাচ্ছেন তাঁরা। বিমানবন্দর সূত্রের খবর, একটি সংস্থাকে এতদিন পর্যন্ত দায়িত্ব দেওয়া ছিল মুদ্রা বদলের কাউন্টার পরিচালনার জন্য। কিন্তু ওই সংস্থার মেয়াদ শেষ হওয়ার পর কোনো টেন্ডার ডাকা হয়নি। তার ফলে অন্য কোনও সংস্থা এখনও মুদ্রা বদলের কাউন্টার পরিচালনার দায়িত্ব পায়নি। টেন্ডার কবে ডাকা হবে, নতুন সংস্থা দায়িত্বভার নেবে কবে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিমানবন্দরের অভ্যন্তরে।
এদিকে, মুদ্রা বদল করতে বিমানযাত্রীরা খুবই অসুবিধায় পড়ছেন। বিমান সংস্থার কাছেও অভিযোগ জানাচ্ছেন তাঁরা। কলকাতা বিমানবন্দরের বাইরে এক নম্বর গেট বা পার্শ্ববর্তী এলাকায় গিয়ে মুদ্রা বদল করতে হচ্ছে বিমান যাত্রীদের। এর ফলে যাত্রীদের সময় নষ্ট এবং পরিশ্রম হচ্ছে। কবে মুদ্রা বদলের কাউন্টার চালু হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না বিমানবন্দরের অফিসাররাও।
এই বিষয়ে কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং বলেন, এটা ঠিকই কিছুদিন ধরে মুদ্রা বদলের কাউন্টার বন্ধ রয়েছে। এটা টেন্ডার সংক্রান্ত বিষয়। এছাড়া আগে যে সংস্থা পরিচালনা করত, তারাও আগ্রহ প্রকাশ করেনি। এই অবস্থায় আমরা যোগাযোগ করেছি যারা মুদ্রা বদল করে, এমন কয়েকটি সংস্থার সঙ্গে। তাদের সঙ্গে কথা বলে মতামত নেওয়া হচ্ছে। আর্থিক বিষয়েও কথাবার্তা হয়েছে। কোনো নির্দিষ্ট তারিখ না বলতে পারলেও আশা করছি তাড়াতাড়ি কাউন্টার চালু হয়ে যাবে।