Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়া বেতনের দাবিতে হাবড়া পুরসভায় বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

বকেয়া বেতনের দাবিতে বুধবার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভ হাবড়া পুরসভায়। পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা পুরসভায় ঢুকতেই শতাধিক কর্মী বিক্ষোভ দেখান এবং দ্রুত মজুরি মেটানোর দাবি জানান।

বকেয়া বেতনের দাবিতে হাবড়া  পুরসভায় বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বকেয়া বেতনের দাবিতে বুধবার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভ হাবড়া পুরসভায়। পুরপ্রধান নারায়ণচন্দ্র সাহা পুরসভায় ঢুকতেই শতাধিক কর্মী বিক্ষোভ দেখান এবং দ্রুত মজুরি মেটানোর দাবি জানান। 
হাবড়া পুরসভায় প্রায় ৪০০ জন অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। মূলত জঞ্জাল পরিষ্কার, বিদ্যুৎ ও ট্রাফিক বিভাগের বিভিন্ন কাজে তাঁরা যুক্ত। এই কর্মীদের দৈনিক মজুরি ২০২ টাকা ও ৩০২ টাকা হারে নির্ধারিত। মাসে গড়ে প্রায় ২৬ দিন কাজ পাওয়ায় মাসিক বেতন দাঁড়ায় আনুমানিক ৫,০০০ টাকা থেকে ৭,০০০ টাকার মধ্যে। এর বাইরে অতিরিক্ত কাজ বা দ্বিতীয় শিফটের জন্য প্রায় ২,৪০০ টাকা ওভারটাইম ভাতা পাওয়ার কথা থাকলেও সেই টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। কর্মীদের দাবি, গত ডিসেম্বর মাস থেকে আংশিক বেতন দেওয়া হচ্ছে। কিন্তু ওভারটাইমের টাকা সম্পূর্ণভাবে বন্ধ। ফলে গত প্রায় ৫ থেকে ৬ মাস ধরে বেতন ও অতিরিক্ত মজুরি বকেয়া রয়েছে। তাঁদের অভিযোগ, ভোটের আগে আশ্বাস দেওয়া হলেও ভোটের পরে সমস্যা মেটেনি। বুধবার পুরপ্রধান পুরসভায় প্রবেশ করতেই কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। অস্থায়ী কর্মী দেবব্রত অধিকারী বলেন, শুক্রবারের মধ্যে বকেয়া না পেলে আমরা কাজ বন্ধ করে দেব। আরেক কর্মী গৌতম শীল বলেন, ছ’মাস ধরে ওভারটাইমের টাকা পাচ্ছি না। এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, রাজ্য সরকারের পাঠানো ফান্ড কমে যাওয়ায় ও নিয়মিত না আসায় সম্পূর্ণ বেতন ও ওভারটাইম মেটানো সম্ভব হয়নি। অন্য তহবিল থেকে টাকা জোগাড় করে বকেয়া মেটানোর চেষ্টা চলছে এবং দ্রুত সমস্যার সমাধান করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ