Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

অস্থায়ী কর্মীদের বেতন বাকি, তালা খোলেনি, বনগাঁর স্কুলে ক্লাস বাতিল

অস্থায়ী কর্মীদের বেতন না মেলায় খোলেনি স্কুলের ক্লাস রুম। বাইরেই দাঁড়িয়ে থাকলেন শিক্ষকরা। ঘটনাটি বনগাঁ হাইস্কুলের।

অস্থায়ী কর্মীদের বেতন বাকি, তালা  খোলেনি, বনগাঁর স্কুলে ক্লাস বাতিল
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: অস্থায়ী কর্মীদের বেতন না মেলায় খোলেনি স্কুলের ক্লাস রুম। বাইরেই দাঁড়িয়ে থাকলেন শিক্ষকরা। ঘটনাটি বনগাঁ হাইস্কুলের। বুধবার স্কুলের একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রথমে পরীক্ষা হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকরা ঘর খুলে পরীক্ষার ব্যবস্থা করেন। এই অবস্থার জন্য স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করেছেন সহকারী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা। 

Advertisement

জুলাই মাসের পর থেকে বেতন পাননি স্কুলের সাতজন অস্থায়ী অশিক্ষক কর্মী। প্রধান শিক্ষকের কাছে বার বার বিষয়টি জানিয়েও লাভ না হলে বুধবার স্কুলের আসেননি তাঁরা। খোলা হয়নি স্কুলের ভিতরের গেট। দুজন স্থায়ী অশিক্ষক কর্মীও এদিন স্কুলে আসেননি।
সকাল ১০ টার পর থেকেই স্কুলে ছাত্ররা আসতে শুরু করে। আসেন শিক্ষক শিক্ষিকারা। স্কুল চত্বরে ঢুকতে পারলেও ভবনের মেন গেটে তালা থাকায় ক্লাসে ঢুকতে পারেননি তাঁরা। দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরে প্রধান শিক্ষক কুণাল দে ক্লাস বাতিল ঘোষণা করেন। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে ক্লাস বাতিলের কারণ জানতে চান। প্রধান শিক্ষকের সামনে ক্ষোভ উগরে দেন তাঁরা। স্কুলের এক শিক্ষক বলেন, প্রধান শিক্ষক নিজের ইচ্ছা মতো স্কুল চালান। শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন না। অভিযোগ, স্কুলে প্রশাসক নিয়োগ হলেও তাঁর নির্দেশ অমান্য করে নিজের মতো করে স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কুণাল দে বলেন, অস্থায়ী কর্মীরা না আসায় স্কুলের গেটের তালা খোলা সম্ভব হয়নি। সেকারণে ক্লাস বাতিল করা হয়েছে। অস্থায়ী কর্মীদের বেতন না পাওয়ার প্রসঙ্গে তিনি জানান,  প্রশাসনিক সমস্যার কারণে তাদের ২ মাস বেতন আটকে রয়েছে। অস্থায়ী অশিক্ষক কর্মী নরোত্তম দাস বলেন, আমরা দু’মাস বেতন পাইনি। স্কুল পরিদর্শক ও প্রধান শিক্ষককে জানিয়েছি। দ্রুত বেতন না পেলে আগামীতে অন্য ব্যবস্থা নেব।

Advertisement
সম্পর্কিত সংবাদ