প্রতিমা নিরঞ্জনের জন্য দুই নদীঘাটে হচ্ছে অস্থায়ী র‍্যাম্প
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দুর্গাপুজোর পর প্রতিমা বির্সজনের জন্য কোনোভাবেই ক্রেন ব্যবহার করা যাবে না। পুজোর সম্বন্বয় বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে এই কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল। এতে উলুবেড়িয়া পুরসভা এলাকার পুজো কমিটিগুলি কিছুটা হলেও চিন্তায় পড়েছিল। কারণ গত কয়েক বছর প্রতিমা বির্সজনের ক্ষেত্রে ক্রেন ব্যবহার করা হয়েছিল। এরপর দুর্গা পুজোর সম্বন্বয় বৈঠকে বিকল্প ব্যবস্থার কথা চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানানো হয়েছিল। অবশেষে সমস্যার সমাধান হতে চলেছে।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, উলুবেড়িয়া এবং বাউড়িয়ার দুটি ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য অস্থায়ী র‍্যাম্প বানানো হচ্ছে। এতে খুব সহজেই পুজো কমিটিগুলি তাদের প্রতিমা নিরঞ্জন করতে পারবে। উলুবেড়িয়ার পুরনো হাসপাতাল মাঠের ঘাটে এই অস্থায়ী র‍্যাম্প বানানো হচ্ছে। সোমবার বিকালে ঘাটে গিয়ে দেখা গেল, শালবল্লা পুঁতে র‍্যাম্প বানানোর কাজ চলছে। অন্যদিকে, প্রতিমা বির্সজনের ক্ষেত্রে ঘাটে র‍্যাম্প বানানোর খবরে খুশি উলুবেড়িয়ার পুজো কমিটিগুলি। তাদের বক্তব্য, পুরাতন হাসপাতাল মাঠ ঘাটে প্রতিমা নিরঞ্জনের সেভাবে ব্যবস্থা ছিল না। ফলে আগে প্রতিমা নিরঞ্জন করতে সমস্যা হতো। দুর্ঘটনার আশঙ্কাও থাকত। গত কয়েক বছর ঘাটে ক্রেনের মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করায় সেই সমস্যা দূর হয়েছিল। তবে এই বছর ক্রেনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হওয়ায় কিছুটা চিন্তায় পড়া গিয়েছিল। তবে র‍্যাম্প বানানোর খবরে সেই চিন্তা দূর হয়েছে।