নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহের গোড়ায় অর্থাৎ দোল ও হোলির সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত ঝড়-বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এদিকে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মার্চ থেকে মে পর্যন্ত আবহাওয়ার যে দীর্ঘকালীন পূর্বাভাস জারি করেছে, তাতে পূর্ব ভারতের বড় অংশে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক বা তার চেয়ে বেশি থাকার কথা বলা হয়েছে। তাপপ্রবাহ স্বাভাবিকের থেকে বেশি হওয়ার আশঙ্কাও রয়েছে। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকবে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। সব মিলিয়ে বসন্তের বিদায় হতে চলেছে। এবার চড়া গরমের পালা। তার মধ্যে কোথাও বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হলে সেখানে ঝড়-বৃষ্টি হবে। সেখানে গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে। তবে সেরকম কিছু আপাতত হচ্ছে না বলেই জানা যাচ্ছে।
শনিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২.৫ এবং ২০.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ছিল। মঙ্গলবার, দোলের দিন কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ও ২১ ডিগ্রি থাকবে বলে পূর্বাভাস। তারপর দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।
কলকাতার তুলনায় দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা কম আছে। এদিন বীরভূমের শান্তিনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশপাশে থেকেছে। সেখানে ভোর ও রাতের দিকে এখনও মিলছে হালকা শীতের ছোঁয়া। তবে পশ্চিমাঞ্চলেও সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দোলের সময় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৮-১৯ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে ৩০ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছে। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে মাঝিয়ানে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সবথেকে কম (১৩.৮ ডিগ্রি)। দার্জিলিং পাহাড়ে অবশ্য এখনও কনকনে ঠান্ডা। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি। উত্তরবঙ্গে পাহাড় ও লাগোয়া এলাকায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। আজ রবিবারও তা হতে পারে। তারপর আর বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি এখানে।