কলকাতা, ১২ মার্চ: গত কয়েকদিনের মনোরম আবহাওয়ার পর ফের ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের তাপমাত্রা। দক্ষিণবঙ্গ জুড়ে গরম ও শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি শুরু হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দক্ষিণবঙ্গের কিছু জেলায় মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। স্থানীয় বজ্রগর্ভ মেঘের জেরে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত তীব্র গরম পড়ার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলোয়। গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায়।কলকাতায় আগামী তিন চার দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে তাপমাত্রার পারদ কিছুটা বাড়বে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে।



