Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তাপমাত্রা ২ ডিগ্রি কম, কলকাতায় ‘শীতল’ মার্চ

এসি তো দূরের কথা! ফ্যান চালালেই ঠান্ডা লাগছে। ভোররাতের দিকে গায়ে চাদর না চাপালে চলছে না। চৈত্রের খরতাপ নেই

তাপমাত্রা ২ ডিগ্রি কম, কলকাতায় ‘শীতল’ মার্চ
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসি তো দূরের কথা! ফ্যান চালালেই ঠান্ডা লাগছে। ভোররাতের দিকে গায়ে চাদর না চাপালে চলছে না। চৈত্রের খরতাপ নেই। সকাল থেকে দুপুর, কিছুটা গরম লাগলেও বিকালের ঝড়বৃষ্টিতে ফিরে আসছে ঠান্ডা পরিবেশ। অর্থাৎ এবার শহরবাসী ‘শীতল’ মার্চ মাসের সাক্ষী থাকল। বজ্রগর্ভ মেঘ থেকে মাঝেমধ্যেই ঝড়বৃষ্টি চলছে মার্চ মাসজুড়ে। বিক্ষিপ্তভাবে নয়, রাজ্যের সব জেলায় কমবেশি থাকছে এমন আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যানও বলছে, এবার মার্চে  কলকাতা বেশ ‘শীতল’ ছিল। মার্চের প্রথম দিকে মাত্র দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। মাসের আরও দু’-একদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক। বাকি দিনগুলিতে তা স্বাভাবিকের চেয়ে কম ছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিয়মিত ঝড়বৃষ্টি ও মেঘলা আকাশের জন্য কলকাতায় এবার মার্চে তুলনামূলকভাবে তাপমাত্রা কম ছিল। মাস শেষ হওয়ার পর এনিয়ে একটি রিপোর্ট তৈরি করা হবে। এবার মার্চে গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে ছিল। গড় তাপমাত্রা ২০২৪ সালের মার্চেও ৩১ ডিগ্রির আশপাশে ছিল। অথচ মার্চ মাসে কলকাতায় গড় স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা হল ৩৩.৭ ডিগ্রি। অর্থাৎ প্রতিদিন গড়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত ২ ডিগ্রি কম ছিল।

Advertisement

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মার্চে কলকাতায় সর্বাধিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ মার্চ (৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস)। এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা এটাই। ২০১১ সাল থেকে মার্চ মাসের তাপমাত্রার পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে, ২০২৩ সালের ১৩ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৪.৫ ডিগ্রি। এই সময়কালে মার্চ মাসে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৯ ডিগ্রির কাছাকাছি চলে যাওয়ার একাধিক নজির রয়েছে। ২০২১ সালের ৩১ মার্চ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি। আর মার্চ মাসের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ধরা হয় ১৯৪১ সালের ২৩ মার্চ (৪১.১ ডিগ্রি)।
গত ২৩ মার্চ ব্যাপক ঝড়বৃষ্টির ফলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (২৩.২ ডিগ্রি) স্বাভাবিকের চেয়ে ১১ ডিগ্রি কম হয়েছিল। পরের দিনও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭.৫ ডিগ্রি কম থাকে। সোমবার রাত ও মঙ্গলবার সকালে কলকাতা ও লাগোয়া এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। এর প্রভাবে কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা (২৮.৭ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম ছিল। 
তবে সর্বনিম্ন তাপমাত্রা মার্চ মাসে বেশিরভাগ দিনই স্বাভাবিকের থেকে বেশি ছিল। মার্চে স্বাভাবিক গড় সর্বনিম্ন তাপমাত্রা হল ২২.৯ ডিগ্রি। মাসের বেশিরভাগ দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৬ ডিগ্রির আশপাশে ছিল। মেঘলা আকাশ ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য এই পরিস্থিতি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কারণ, ভোরবেলা সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়। রাতে ভূপৃষ্ঠ থেকে তাপের বিকিরণ মেঘলা পরিবেশের জন্য বাধা পেলে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ