হায়দরাবাদ: স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) চলাকালীন ভোটারদের নাম বাতিলের জন্য যারা ভুয়ো তথ্য দিয়ে ‘ফর্ম ৭’ জমা করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনই নির্দেশ দিলেন তেলেঙ্গানার মুখ্য নির্বাচনি আধিকারিক (সিইও) সি সুদর্শন রেড্ডি। ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দিতে অথবা তালিকায় কোনো নাম অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি জানাতে ‘ফর্ম ৭’ ব্যবহার করা হয়। সূত্রের খবর, এখনও পর্যন্ত ২৮ হাজার ৭৫৩টি এমন আবেদন জমা পড়েছে। তার মধ্যে হায়দরাবাদেই জমা পড়েছে ৫ হাজার ‘ফর্ম ৭’। সম্প্রতি তেলেঙ্গানার শাসক দল কংগ্রেস এবং আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম অভিযোগ জানায়, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ভুয়ো নথি ব্যবহার করে গুচ্ছ গুচ্ছ ‘ফর্ম ৭’ জমা দিয়েছে বিজেপি। তারা আগে থেকেই সেগুলি ছাপিয়ে রেখেছিল। এর পরিপ্রেক্ষিতেই জেলাশাসক, জেলা নির্বাচনি আধিকারিক এবং নির্বাচনি রেজিস্ট্রেশন অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে, এই ধরনের অভিযোগ জমা পড়লে প্রথমে তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।



