ওয়াশিংটন ও দুবাই: শান্তি প্রতিষ্ঠায় ইরানের পাঠানো প্রস্তাবের শর্ত ও ক্ষতিপূরণের দাবিকে ‘আবর্জনা’ বলে খারিজ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমার একেবাই পছন্দ নয়। বিন্দুমাত্র গ্রহণযোগ্য নয়।’ আলোচনার প্রক্রিয়া থমকে পড়ায় ট্রাম্প ফের আক্রমণের রাস্তায় ফিরতে পারেন বলে একাধিক মিডিয়া রিপোর্ট সামনে এসেছে। তারই মধ্যে এবার পালটা সুর চড়াল তেহরানও। ইরানের হুঁশিয়ারি, মার্কিন বা ইজরায়েলি বাহিনী ফের হামলা চালালে তারা তাদের ইউরেনিয়াম ভাণ্ডারকে পরমাণু অস্ত্র বানানোর উপযোগী ৯০ শতাংশ শুদ্ধতায় উন্নীত করে ফেলবে। ইরানের পার্লামেন্টারি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আবার হামলা হলে তার মোকাবিলায় অন্যতম রাস্তা হতে পারে (ইউরেনিয়ামের) ৯০ শতাংশ সমৃদ্ধকরণ। আমরা এই ব্যাপারটি পার্লামেন্টে খতিয়ে দেখব।’



