লখনউ: নাবালিকাকে অপহরণের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে দোষী সাব্যস্ত করল উত্তরপ্রদেশের বালিয়ার পকসো আদালত। তাকে ২৫ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, হোমে থাকা অবস্থায় কিশোরের লেখাপড়া এবং মানসিক উন্নতি নিশ্চিত করতে হবে। ২১ বছর পূর্ণ হলে তাকে মউ জেলা কারাগারে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিমল কুমার রাই বলেন, ২০২৩ সালের ১৫ জুলাই প্রাতঃকৃত্য সারতে বাড়ির বাইরে আসে ১৩ বছরের ওই নাবালিকা। তাকে খাবারের লোভ দেখিয়ে অপহরণ করে কিশোর। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা করে পুলিশ। এরপর পুলিশ পকসো আদালতে চার্জশিট জমা দেয়। শুক্রবার কিশোরকে দোষী সাব্যস্ত করে ২৫ বছরের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন পকসো আদালতের বিচারক প্রথম কান্ত।



