Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ফুটবল খেলা নিয়ে বিবাদের জের, কিশোরকে কুপিয়ে খুন বারুইপুরে

আবারও সেই বারুইপুর! এবার ১৬ বছরের এক কিশোরকে খুনের অভিযোগ উঠল। ঝামেলার সূত্রপাত তিনদিন আগে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে।

ফুটবল খেলা নিয়ে বিবাদের জের, কিশোরকে কুপিয়ে খুন বারুইপুরে
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: আবারও সেই বারুইপুর! এবার ১৬ বছরের এক কিশোরকে খুনের অভিযোগ উঠল। ঝামেলার সূত্রপাত তিনদিন আগে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে। সেই বিবাদের জের চলছিল। তা নিয়ে সোমবার সন্ধ্যায় বারুইপুরের পালপাড়া ব্যাংক সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তার মধ্যেই প্রসেনজিৎ বিশ্বাস নামে ওই কিশোরের গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করা হয়। মৃত কিশোরের বাড়ি বারুইপুর ফুলতলার ‘এ’ ব্লকে।

Advertisement

কিশোরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে একটি ফুটবল ম্যাচের জয়-পরাজয় নিয়ে কয়েকজনের সঙ্গে বচসা বাধে প্রসেনজিতের। তারই জের চলছিল। সোমবার সন্ধ্যায় প্রসেনজিৎ ও তার এক সঙ্গীকে পালপাড়া ব্যাংক সংলগ্ন এলাকায় ডেকে পাঠানো হয়। সেখানে পৌঁছতেই প্রসেনজিতের উপর ধারালো অস্ত্র নিয়ে তিন অভিযুক্ত হামলা চালায়। গলায় ছুরির কোপ মেরে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। তিনজনের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে বারুইপুর থানায়। ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যার পর থেকে বারুইপুর হাসপাতালের সামনে রাস্তা অবরোধ শুরু করেন মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ অবরোধ চলে। এদিকে অভিযুক্ত তিনজনকে আটক করে বারুইপুর হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা হাসপাতালের পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালায়। ইটবৃষ্টি থেকে বাঁচাতে অভিযুক্তদের ক্যাম্পের খাটের তলায় রাখতে বাধ্য হয় পুলিশ।  পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ