Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নারিন-বরুণের পাশে টিম সাউদি

অভিযানের শুরুতেই জোর ধাক্কা। প্রথম দু’ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে ভিড় করে আসছে দুশ্চিন্তা।

নারিন-বরুণের পাশে টিম সাউদি
  • ৬ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিযানের শুরুতেই জোর ধাক্কা। প্রথম দু’ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে ভিড় করে আসছে দুশ্চিন্তা। মরশুমের প্রথম জয়ের খোঁজে সোমবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে বেগুনি-সোনালি জার্সিধারীরা। আর এই আবহেই নাইটদের বোলিং কোচ টিম সাউদি বলেছেন, ‘এটা লম্বা প্রতিযোগিতা। শুরুটা ভালো করতে সবাই চায়। কিন্তু প্রথম দুটো ম্যাচে আমরা হেরেছি। নিঃসন্দেহে এটা বড় ধাক্কা। তবে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। আইপিএলের প্রতিটা ম্যাচই কঠিন। যতটা সম্ভব ছেলেদের তৈরি রাখা জরুরি। এখনই আতঙ্কিত হওয়ার দরকার নেই। সবে তো দুটো ম্যাচ হয়েছে।’

Advertisement

প্রথম দুই ম্যাচেই সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে অতীতের ছায়া মনে হয়েছে। তাঁদের কাউকেই পুরো চার ওভার বল করানো যাচ্ছে না। ফলে প্রশ্নের মুখে স্পিনার যুগল। কঠিন সময়ে সাউদি অবশ্য তাঁদের পাশে দাড়িয়েছেন। প্রাক্তন কিউয়ি তারকার কথা, ‘এবারের আইপিএলে নিয়মিতভাবে বড় স্কোর উঠছে। ইমপ্যাক্ট নিয়মের ফলে প্রতিটি ম্যাচে আগ্রাসী ব্যাটিং করছে দলগুলো। দুই বিশ্বমানের স্পিনার সম্পর্কে কিছু বলার আগে এই বিষয়টিও মাথায় রাখতে হবে। তাছাড়া মাত্র দুটো ম্যাচ দেখে ওদের সম্পর্কে রায় দেওয়া যায় না। আইপিএলে অনেক বছর ধরে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে নারিন-বরুণ। আমি নিশ্চিত, আগামী দিনেও দলের সাফল্যে বড় ভূমিকা নেবে ওরা।’
জল্পনা চলছে ক্যামেরন গ্রিনের বল না করা নিয়েও। শুক্রবার নেটে তিন ওভার হাত ঘুরিয়েছেন অজি অলরাউন্ডার। তারপরও গ্রিনকে সোমবার বল করতে দেখার কোনো নিশ্চয়তা নেই। সাউদির কথায়, ‘ও ভালোই বল করছে নেটে। ম্যাচে যাতে বল করতে পারে সেই চেষ্টাই করছে। তবে এখনও রিহ্যাবের মধ্যে রয়েছে। তাই রাতারাতি ম্যাচে বল করা যায় না। তারজন্য প্র্যাকটিসে ঘাম ঝরাচ্ছে।’ সাউদির কথাতেই স্পষ্ট যে, গ্রিন এখনও ম্যাচে বল করার মতো অবস্থায় আসেননি। এই অবস্থায় সোমবার কি রাচীন রবীন্দ্র বা রভম্যান পাওয়েলকে খেলানো হবে? এ বিষয়ে ধোঁয়াশা রাখলেন নাইটদের বোলিং কোচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ