চণ্ডীগড়, ১৯ এপ্রিল: লখনউকে ৫৪ রানে হারাল পাঞ্জাব। আজ, রবিবার আইপিএলের ২৯-তম ম্যাচে নিউ চণ্ডীগড়ের মুল্লারপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্ট। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলে পাঞ্জাবের টিম। প্রথম ওভারেই ০ রানে প্রভসিমরন আউট হয়ে গেলেও দলের ছন্দে তার খুব একটা প্রভাব পড়েনি। ম্যাচের হাল ধরেন প্রিয়াংশ এবং কুপার। দুজনেই বিধ্বংসী ব্যাটিং করেন। কুপার আউট হন ৮৭ রানে। এরপর ৯৩ রানের মাথায় সিদ্ধার্থের বলে মার্শের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন প্রিয়াংশ। দলের রান তখন ১৪.২ ওভারে ১৮৭ রানে মাত্র ৩ উইকেট। আজ অধিনায়ক শ্রেয়স আইয়ার জ্বলে উঠতে পারেননি। করেন মাত্র ৫ রান। মার্কাস স্টোনিস ১৬ বলে ২৯ রান করে রানআউট হন। নেহাল ওয়াধেরা করেন ১৩ রান। শশাঙ্ক সিং ৬ বলে ১৭ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে পাঞ্জাব।



