Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সিরাজের তিন ছক্কায় জয়ী টিম ইন্ডিয়া, সুদর্শনের বদলে টেস্ট স্কোয়াডে সরফরাজ

তিনদিনের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশকে ৬ উইকেটে হারাল ভারত। জয় এল শেষ ওভারে, মহম্মদ সিরাজের ছক্কার হ্যাটট্রিকের সুবাদে।

সিরাজের তিন ছক্কায় জয়ী টিম ইন্ডিয়া, সুদর্শনের বদলে টেস্ট স্কোয়াডে সরফরাজ
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: তিনদিনের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ক্রিকেট একাদশকে ৬ উইকেটে হারাল ভারত। জয় এল শেষ ওভারে, মহম্মদ সিরাজের ছক্কার হ্যাটট্রিকের সুবাদে। তবে ফলাফল নয়, এই ম্যাচের আসল গুরুত্ব দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসাবে। আর সেই বিচারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সন্তুষ্ট হওয়ারই কথা।

Advertisement

প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দেবদূত পাদিক্কাল। অর্ধশতরান করেন রবীন্দ্র জাদেজা। রবিবার দ্বিতীয় ইনিংসে আঙুলের চোট পাত্তা না দিয়েই ওপেন করতে নামা ক্যাপ্টেন শুভমান গিল উপহার দেন ঝকঝকে ৪৪ রান। মারেন সাতটি বাউন্ডারি। প্রথম ইনিংসে শূন্যের পর এদিন আত্মবিশ্বাসী দেখাল যশস্বী জয়সওয়ালকেও। ৪৬ বলে ঝোড়ো ৬১ করে রিটায়ার্ড হার্ট হন বাঁ-হাতি ওপেনার। তিনি মারেন ৯টি চার ও ২টি ছক্কা। পরের দিকের ব্যাটারদের ক্রিজে সময় কাটানোর সুযোগ না করে দিতে হলে শতরানে পৌঁছাতেই পারতেন যশস্বী। গিলের সঙ্গে তিনি প্রথম উইকেটে তুলে ফেলেন ১০০ রান। লোকেশ রাহুল, পাদিক্কালকে এদিন ব্যাট করতে পাঠানো হয়নি। ৪৫ ওভারে ২০৭ রানের টার্গেট তাড়া করার চেয়েও ব্যাটিং প্র্যাকটিসে জোর দেয় টিম ইন্ডিয়া। তিন নম্বরে সেজন্যই নামেন ঋষভ পন্থ, চারে ধ্রুব জুরেল। কিন্তু কেউই বড়ো রান পাননি। পন্থ শুরু করেন ধীরেসুস্থে, ২১ ডটবল খেলে। পরে অবশ্য হাত খোলেন। তাঁর ২৮ রানে রয়েছে তিনটি ছক্কা। জুরেল করেন ১৭। এরপর রবীন্দ্র জাদেজা ২২ করে রিটায়ার্ড হার্ট হন। তৃতীয় স্পিনার হিসেবে দলে আসার দাবি জানানো মানব সুথারও (৪) রিটায়ার্ড হার্ট। গুরনুর ব্রার (২) ফেরার পর অপরাজিত থাকেন সারাংশ জৈন (২) ও মহম্মদ সিরাজ (৩২)। পুরো ৪৫ ওভার খেলে ৪ উইকেটে ভারতের স্কোর ২১৪।
তার আগে সকালে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস ৩৫৭ রানে ডিক্লেয়ার করা হয়। এদিন দু’দলই ৪৫ ওভার করে খেলবে বলে আগেই ঠিক ছিল। তাতে ৬ উইকেটে ২০০ তোলে শ্রীলঙ্কা। নিশান ফার্নান্ডো ৬৩ রানে রিটায়ার্ড হার্ট হন। জাদেজা (২-৩৩) ও গুরনুর (২-৩৭) বল হাতে সফল। উইকেট পান সিরাজ (১-২৫) ও প্রসিদ্ধ কৃষ্ণা (১-৩৫)। আকিব নবি পাঁচ ওভার বল করলেও উইকেট আসেনি।
এদিকে, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের স্কোয়াডে সাই সুদর্শনের পরিবর্তে এলেন সরফরাজ খান। লাল  বলের ক্রিকেটে নিজেকে মেলে ধরার ফের সুযোগ মুম্বইকরের সামনে। তবে তিন নম্বরে পাদিক্কালের নামা কার্যত নিশ্চিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ