Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্যাটিং বিস্ফোরণেই ভাগ্য বদলাতে চায় টিম ইন্ডিয়া, আজ চিপকে চমক দিতে তৈরি জিম্বাবোয়ে

বহরে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম যতই বড় হোক না কেন আতিথেয়তা ও চাকচিক্কে চেন্নাইয়ের চিপক অনেক এগিয়ে। আধুনিকতা ও ঐতিহ্যের সহাবস্থান। মিডিয়ার জন্য বরাদ্দ ডাইনিং এরিয়ায় একই রকম আবহ। যাকে বলে শাহি আয়োজন।

ব্যাটিং বিস্ফোরণেই ভাগ্য বদলাতে চায় টিম ইন্ডিয়া, আজ চিপকে চমক দিতে তৈরি জিম্বাবোয়ে
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০২
Prefer us on Google

সুকান্ত বেরা, চেন্নাই: বহরে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম যতই বড় হোক না কেন আতিথেয়তা ও চাকচিক্কে চেন্নাইয়ের চিপক অনেক এগিয়ে। আধুনিকতা ও ঐতিহ্যের সহাবস্থান। মিডিয়ার জন্য বরাদ্দ ডাইনিং এরিয়ায় একই রকম আবহ। যাকে বলে শাহি আয়োজন। কী নেই! মাটন সুপ থেকে চিকেন বিরিয়ানি ছুঁয়ে ডেজার্টে পৌঁছতে পৌঁছতে অনেকটা সময় অতিক্রান্ত। তবে ভিনরাজ্যের সাংবাকিদের আগ্রহ বেশি দেখা গেল ‘পানাকম’কে ঘিরে। নানা উপাদানে তৈরি ক্যাফিন-ফ্রি এই পানীয়। মাটির হাঁড়িতে ভরা, যা পান করলে নাকি শরীর-মন এক ঝটকায় হয়ে ওঠে তরতাজা। 
সেই পানীয়ে চুমুক দিতে দিতে মনে হল, জিম্বাবোয়ে ম্যাচে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদেরও একটু ‘পানাকম’ দরকার। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারার পর ভারতীয় ক্রিকেটারদের মনোবল তলানিতে। তার উপর জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ধুন্ধুমার জয় গতবারের চ্যাম্পিয়নদের সেমি-ফাইনালে ওঠার পথ আরও কঠিন করে দিয়েছে। সামনে নেট রান রেটের জটিল অঙ্ক। তবে ক্যালকুলেটর নিয়ে অঙ্ক কষা পরে, সবার আগে জিম্বাবোয়েকে হারাতে হবে বড় ব্যবধানে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চিপকে নামার আগে সূর্যকুমাররা জেনে যাবেন, তাঁদের ঠিক কী করতে হবে। কারণ, দুপুরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় দল অবশ্যই চাইছে, মার্করামরা জিতুক। কারণ, ক্যারিবিয়ানদের নেট রান রেটের সঙ্গে পাল্লা দেওয়া অসম্ভব। তার থেকে দক্ষিণ আফ্রিকা কোয়ালিফাই করে গেলে দ্বিতীয় দল হিসেবে কারা যাবে সেটা ঠিক হবে ইডেনে, রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। অবশ্য তার আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার এইটে খুলতে হবে পয়েন্টের খাতা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মতো হেভিওয়েট দলকে হারিয়েছে তারা। ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত ভারসাম্য। টপ অর্ডারে ব্রায়ান বেনেট, মুরুমানি, রায়ান বার্ল, সিকন্দার রাজা, ডিয়ন মেয়ার্স, যাঁরা কঠিন পরীক্ষায় ফেলবেন ভারতীয় বোলারদের। তাই যথারীতি বুমরাহর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। গতি, সুইং আর ইয়র্কারে প্রথম ১২ বলে ফারাক গড়ে দিতে পারেন তিনি। সেই সঙ্গে বাঁ হাতি পেসার অর্শদীপ সাপোর্ট দিতে পারলে বাকি বোলারদের কাজটা সহজ হয়ে যাবে। জিম্বাবোয়ের বোলিংও খারাপ নয়। স্পিনার হিসেবে ক্যাপ্টেন সিকান্দর ছাড়া রয়েছেন ক্রিমার ও বার্ল। নতুন বলে মুজারবানি চমক দিতে পারেন। ভারতীয় দলে কমপক্ষে দু’টি পরিবর্তন প্রত্যাশিত। সঞ্জু স্যামসন ফিরতে চলেছেন। তবে তিনি কোন পজিশনে খেলবেন, সেটাই চর্চার। ব্যাটিং কোচের কথা শুনে মনে হল, তিনে নামবেন সঞ্জু। মূলত বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনের কারণে। সেক্ষেত্রে তিলক ভার্মাকে ঠেলে দেওয়া হতে পারে পিছনে। কারণ, চারে সূর্য নামলে হার্ড হিটার হার্দিক কিংবা শিবম উঠে আসবেন। তখন রিঙ্কুর জায়গায় তিলক নামতে পারেন। স্পিনার বরুণ চক্রবর্তী ফর্মে ফিরতে মরিয়া। ওয়াশিংটনকে বসিয়ে তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে অক্ষরকে।
চিপকের উইকেটে যেভাবে সারাদিন ধরে হেভি রোলার চলল, তাতে ব্যাটাররা কিছুটা সুবিধা পাবে। তাই অতীত ভুলে সামনের দিকে তাকাতে হবে অভিষেক শর্মা ও ঈশান কিষানকে। তাঁরা যদি পাওয়ার প্লে’তে উইকেট না হারিয়ে ৫০-৬০ রান তুলে ফেলতে পারেন, তাহলে ব্যাটিং বিস্ফোরণেই জিম্বাবোয়েকে উড়িয়ে দিতে চাইবে ভারত। কিন্তু হাল না ফিরলে চেন্নাইয়েই নিশ্চিত হবে ভারতের বিদায়। ১৪০ কোটি ভারতবাসীর কাপ জয়ের স্বপ্ন মেরিনা বিচে জয় ললিতা, এমজেআর, করুণানিধিদের সমাধিস্থলের পাশে জায়গা পাবে। 

Advertisement

 খেলা শুরু সন্ধ্যা ৭টায়। সম্প্রচার 
স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

সম্পর্কিত সংবাদ