কলম্বো: স্বপ্নের ফর্মে দেবদত্ত পাদিক্কাল। গল টেস্টে ১৬৭ ও ৪৪-এর পর সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠেও রীতিমতো শাসন করলেন শ্রীলঙ্কার বোলারদের। রবিবার বাঁ-হাতি ব্যাটার উপহার দিলেন ১১৭ রানের ঝকঝকে ইনিংস। ২৬ বছর বয়সির টেস্ট কেরিয়ারে দ্বিতীয় শতরান। সেই সুবাদে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৩০০। সিরিজে ১-০ এগিয়ে থাকা শুভমান গিল ব্রিগেড অন্তত সাড়ে চারশো তুলতে চাইবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার উপর চাপ আরও বাড়বে।
গলে রান পাননি যশস্বী জয়সওয়াল। এদিন টস জিতে ব্যাট করতে নেমে লোকেশ রাহুলের সঙ্গে শুরুটা ভালোই করেন তিনি। প্রথম উইকেটে ওঠে ৩৭। রাহুল দ্রুত ফেরার পর ক্রিজে আসেন পাদিক্কাল। ০ ও ১ রানে সুযোগ দিয়েও বেঁচে যান তিনি। অবশ্য কোনোটাই সহজ ছিল না। এরপর তাঁকে থামানো যায়নি। এক ডজন বাউন্ডারিতে ১৯৩ বলের ইনিংসটি সাজান কর্ণাটকি। অথচ, সাই সুদর্শন ফিট থাকলে তিন নম্বরে সুযোগই পেতেন না। পরপর দুই টেস্টে সেঞ্চুরির পর আপাতত নিজের জায়গা পাকা করে ফেললেন পাদিক্কাল।
উলটোদিকে, যশস্বী ফেরেন হাফ-সেঞ্চুরির ঠিক আগে। প্রথম টেস্টের জোড়া ব্যর্থতা ভুলে জমাট দেখানো গিল অবশ্য পূর্ণ করেন অর্ধশতরান। তিনি মারেন ছয়টি বাউন্ডারি। রবীন্দ্র জাদেজাও দিনের শেষলগ্নে ফেরেন পঞ্চাশের কাছাকাছি পৌঁছে। এরই মধ্যে ঋষভ পন্থ (৩) কবজিতে চোট পেয়ে উঠে আসায় কিছুটা উদ্বেগ ছড়ায়। তবে দ্বিতীয় দিনে ব্যাট করতে পারবেন তিনি। আপাতত ক্রিজে ধ্রুব জুরেলের সঙ্গী অভিষেককারী সারাংশ জৈন। কুলদীপ যাদবের জায়গায় প্রথম এগারোয় এসেছেন এই অফস্পিনার। তবে মাত্র একটা ম্যাচের ব্যর্থতায় চায়নাম্যানকে বসানো কতটা সঠিক, তা নিয়ে ক্রিকেটমহলে বিতর্ক জোরদার। ভারতীয় শিবির অবশ্য সিরিজ জয়ের লক্ষ্যে মরিয়া। আর তার ভিত গড়ে দিয়েছে পাদিক্কালের সেঞ্চুরি।
স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস- যশস্বী বো অসিথা ৪৫, রাহুল ক নিরোশান বো লাহিরু ১৮, পাদিক্কাল বো নুয়ান্থা ১১৭, গিল ক নিরোশান বো অসিথা ৫০, পন্থ আহত অবসৃত ৩, জাদেজা বো অসিথা ৪৩, জুরেল ব্যাটিং ৭, সারাংশ ব্যাটিং ৪, অতিরিক্ত ১৩, মোট (৮৫ ওভারে) ৩০০-৫। উইকেট পতন: ১-৩৭, ২-৬৬, ৩-১৮৬, ৪-২৮১, ৫-২৯৬। বোলিং: অসিথা ১৬-৫-৪৬-৩, লাহিরু ১৩-৪-৩৮-১, জয়সূর্য ২৭-৪-৯০-০, নুয়ান্থা ২২-০-৯৩-১, দিনুশা ১-০-২-০, ধনঞ্জয় ২-০-৮-০, কামিল ৪-০-১৬-০।