কার্ডিফ: কঠিন পরিস্থিতিতে আবারও দলের ত্রাতা জো রুট। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে’তে তাঁর কাঁধে ভর করেই ৪ উইকেটে জিতল ইংল্যান্ড। অপরাজিত ৯৯ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দিলেন তারকা ব্যাটার। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি আটকে গেলেও দলকে ৪৪.১ ওভারে লক্ষ্যে পৌঁছে দিয়ে তৃপ্ত রুট (২৩৫-৬)। সেই সঙ্গে সমতা ফিরল সিরিজেও (১-১)। অথচ ১২৫ রানে ৫ উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়ে গিয়েছিল তারা। সেখান থেকে রুটই ঠান্ডা মাথায় টেনে তোলেন দলকে। তাঁকে গুরুত্বপূর্ণ সঙ্গ দেন উইল জ্যাকস (৩০) ও স্যাম কারান (২৬)।
ভারতের হারের প্রধান কারণ ব্যাটিং ব্যর্থতা। টস হেরে ব্যাট করতে নেমে ২৩৩ রানে থামে গম্ভীর ব্রিগেড। মাত্র ৫৫ রানে পড়ল শেষ ৭টি উইকেট! অথচ ভালোই শুরু করেছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। কিন্তু ভুল শট খেলে ৩১ রানে থামেন তিনি। সঙ্গী ওপেনার রোহিত শর্মার সংগ্রহ ২৬। তবে প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে হাফ-সেঞ্চুরি হাঁকালেন বিরাট কোহলি। ৬৬ বলে তাঁর ৬৫ রানের ইনিংসে রয়েছে ৮টি বাউন্ডারি। বোলিং সহায়ক পিচে মুগ্ধ করল কিং কোহলির প্রয়োগ দক্ষতা। শ্রেয়সও খেললেন ৬৬ রানের দায়িত্বশীল ইনিংস। তাঁর ৭১ বলের ইনিংসে রয়েছে ৫টি ছক্কা ও ২টি ছক্কা। কিন্তু অক্ষর (১), ওয়াশিংটন (২), দুবেরা (০) বিপদে ফেললেন দলকে।