Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে

টিম ইন্ডিয়া কার্ডিফে সিরিজ জয়ের সুযোগের মুখোমুখি। শুভমান গিলের চোটে উদ্বেগ, ম্যাচের বিস্তারিত জানুন। ভিডিও ও ছবি সহ।

সিরিজ জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কার্ডিফ: এজবাস্টনে মঙ্গলবার সিরিজের প্রথম একদিনের ম্যাচে এসেছে ৬ উইকেটে জয়। তবে সিরি ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার স্বস্তির মধ্যেও কাঁটার মতো বিঁধছে ক্যাপ্টেন শুভমান গিলের পেশির চোট। বৃহস্পতিবার কার্ডিফে দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে সিরিজ দখলের সুযোগ। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে মোট ৬ ম্যাচে পরাজয়ের ক্ষতে তাহলেই কিছুটা প্রলেপ পড়বে। কিন্তু গিলকে নিয়ে সংশয় থাকছেই। পাশাপাশি, চিন্তায় রাখছে তিন অভিজ্ঞ ব্যাটারের ব্যর্থতা। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল— ত্রয়ীর মিলিত অবদান মোটে ১৭! সিনিয়রদের ব্যাটে বড়ো রান দেখার আশায় সমর্থকরা। 

Advertisement

হ্যারি ব্রুকের ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের। দু’জনে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে যোগ করেন মহামূল্যবান ১০২ রান। চাপে পড়া দলকে সেটাই জয়ের সরণিতে পৌঁছে দেয়। অক্ষর ও সুন্দরের ব্যাট হাতে লড়াই ভরসা জোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বল হাতেও অবদান রাখেন ম্যাচের সেরা অক্ষর। তিনি নেন চার উইকেট। অন্যদিকে, উইকেটহীন থাকলেও সুন্দর চার ওভারে দেন মাত্র ১৩ রান। জয়ে উল্লেখযোগ্য ভূমিকা ছিল বুমরাহরও। 
ভারতের প্রথম এগারোয় অবশ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চোটের জন্য শেষ ওভার করতে না পারা গুরনুর ব্রারের পরিবর্তে স্কোয়াডে আসতে পারেন অর্শদীপ সিং। চায়নাম্যান কুলদীপ যাদবকে খেলানোর দাবিও তুলছেন বিশেষজ্ঞরা। কিন্তু অক্ষর ও সুন্দর, দুই স্পিনারই ব্যাটে-বল হাতে অবদান রেখেছেন। ফলে কুলদীপের খেলার সম্ভাবনা কার্যত নেই। চোটের জন্য গিল যদি খেলতে না পারেন, তাহলে আবার দলে ঢুকবেন ঈশান কিষান। অন্যদিকে, হারলেও জো রুট, লিয়াম ডসনের লড়াকু মানসিকতাকে ইতিবাচক দিক হিসাবে দেখছে ইংল্যান্ড শিবির। তবে মিডল অর্ডারের ভাঙন চিন্তায় রাখছে হোমটিমকে।
 খেলা শুরু বিকেল ৫-৩০ মিনিটে। সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ