Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত শুভমান, ব্রুকদের বশ মানাল টিম ইন্ডিয়া

রোহিত ও কোহলির ব্যর্থতায় চাপের মধ্যে ভারত। ২৯ ওভারে ১৬১ রানে ৪ উইকেট হারাল টিম ইন্ডিয়া। বিস্তারিত পড়ুন।

দুরন্ত শুভমান, ব্রুকদের বশ মানাল টিম ইন্ডিয়া
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহ্যাম: টি-টোয়িন্টি সিরিজের ব্যর্থতা অতীত। জয় দিয়ে ওডিআই সিরিজের সূচনা ভারতের। মঙ্গলবার বার্মিংহ্যামে ইংল্যান্ডকে ৬ উইকেটে বশ মানিয়েছে ‘মেন ইন ব্লু’। টস জিতে প্রথমে ব্যাট করে হ্যারি ব্রুকের দল ৪৭.৫ ওভারে ২৫৮ রানে গুটিয়ে যায়। জবাবে ২৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া (২৬২/৪)। সৌজন্যে, শুভমান গিলের চওড়া ব্যাট। ১১টি চার ও ১টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস। ৭৫ বলে ৮০ রান করে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ক্যাপ্টেন গিল। আর শেষে ওয়াশিংটনের অপরাজিত ৫২ রানে সুন্দর ইনিংস এবং অক্ষরের (অপরাজিত ৫৭) অর্ধশতরানে ভর করে লক্ষ্যে পৌঁছায় গৌতম গম্ভীর-ব্রিগেড। তবে এমন ঝকঝকে জয়ের দিনও ক্যাপ্টেন শুভমানের চোট চিন্তায় রাখছে দলকে। পেশিতে টানের জন্য রিটায়ার্ড হার্ট হন গিল। তাঁর চোট গুরুতর বলেই মনে করা হচ্ছে।

Advertisement

বার্মিংহ্যামে অবশ্য রো-কো জুটির জন্যই গ্যালারি ছিল ভর্তি। রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে রানের জন্য চলছিল আকুল প্রার্থনা। সেই সঙ্গে গ্যালারিতে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতিও উন্মাদনা বাড়িয়েছিল। কিন্তু, সব আশায় জল ঢেলে চূড়ান্ত ব্যর্থ রোহিত ও বিরাট। ওপেন করতে নেমে ২১ বলে রোহিত শর্মার সংগ্রহ ১১। অন্যদিকে, ৬ বলে বিরাট থামলেন ৫ রানে। ৪৮ রানে ২ উইকেট খুইয়ে রীতিমতো চাপে পড়ে ভারত। কিন্তু, কঠিন সময়ে শুভমান সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন। শ্রেয়স আয়ারের সঙ্গে তৃতীয় উইকেটে তিনি ১০১ রান যোগ করতেই চাপ উধাও। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের পঞ্চাশ আসে ৫১ বলে। তবে ৮০ রানে পায়ের পেশিতে টানের জন্য রিটায়ার্ড হার্ট হন গিল। শুভমান ড্রেসিং-রুমে ফিরতেই নামে ধস। পরপর ফেরেন শ্রেয়স আয়ার (৩৫) ও লোকেশ রাহুল (১)। তবে শেষ দিকে দায়িত্ব নিয়ে দলকে জয়ের কড়ি এনে দিলেন সুন্দর-অক্ষর জুটি।
 এদিকে, ইংল্যান্ডের ইনিংসকে তিনভাগে ভাগ করা যায়। বিনা উইকেটে ৬১ থেকে ১০৭-৬ হয়ে পড়ে হোমটিম। এই পরিস্থিতি থেকেই ১২১ রানের জুটি গড়ে তোলেন জো রুট ও ডসন। কিন্তু অক্ষরের বলে ডসন (৬৮) আউট হতেই ধরে ভাঙন। শেষ তিন উইকেট পড়ে মাত্র ৮ রানে। ৭৬ রানে অপরাজিত থাকেন রুট। ভারতের অক্ষর একাই ৪ উইকেট নেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ