সংবাদদাতা, চোপড়া: প্রভিডেন্ট ফান্ড চালুর দাবি জানাতেই চা-পাতা তোলার কাজ থেকে স্থায়ী শ্রমিকদের বাদ দেওয়ার অভিযোগ উঠল চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মানগছের গিরিবালা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুক্রবার এনিয়ে ইসলামপুরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের দ্বারস্থ হয়ে স্মারকলিপি দেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়নের চোপড়া জোন কমিটির নেতৃত্বে এই স্মারকলিপি দেওয়া হয়। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী কর্মী হিসেবে কাজ করলেও পিএফ চালুর দাবি তোলার পর থেকে তাঁদের কাজে নেওয়া হচ্ছে না। এক মাস ধরে তাঁদের কাজে নেওয়া হয়নি। পরিবর্তে চা-পাতা তোলার কাজে মেশিন ব্যবহার করে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। শ্রমিক নলিনী বর্মনের দাবি, কাজ হারিয়ে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। সিটু জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী অভিযোগ করেন, অবসরপ্রাপ্ত শ্রমিকদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন কাজ করলেও স্থায়ীকরণ, পিএফ-সহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কার্তিক শীল বলেন, ১৬ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। দ্রুত শ্রমিকদের পুনর্বহাল ও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। শ্রম দপ্তর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। যদিও এবিষয়ে বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকজন অস্থায়ী শ্রমিককে আলোচনার মাধ্যমে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে।



