Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

চা কফির আপ্যায়ন

শিক্ষক পড়াতে এলে তাঁকে দিন এমন উপাদেয় স্বাদের চা ও কফি। পরামর্শে গোলপার্কের কালদি বিন।

চা কফির আপ্যায়ন
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অসম চা

Advertisement

গৃহস্থ বাড়িতে সাধারণত এই চা বেশি দেখা যায়। তাকেই আর একটু স্বাদু করে তোলার পদ্ধতি জেনে নিন।

উপকরণ: অসম চা পাতা ১ টেবিল চামচ, চা মশলা এক চিমটে, জল ১৮০ মিলি, চিনি বা মধু স্বাদমতো।

প্রণালী: জল ফুটিয়ে তাতে অসম চায়ের পাতা ও এক চিমটে চা মশলা দিয়ে ৩-৪ মিনিট ঢেকে রেখে দিন। চায়ের পাতা ও মশলার গন্ধ ভালোভাবে বেরিয়ে এলে ছেঁকে কাপে ঢেলে নিন। সতেজ ও সুগন্ধি স্বাদের এই চা আপনার শিক্ষককে পরিবেশন করুন। অসম চায়ের সঙ্গে চা মশলার হালকা ঝাঁজ মিলিয়ে তৈরি হবে এক মনোরম স্বাদ। পাশে চিনি বা মধু রেখে দিন। প্রয়োজন মতো মিশিয়ে নেওয়া যাবে।

মিল্ক অ্যান্ড হানি কফি

স্বাদবদলের কফি যখন অন্যভাবে তৈরি হয়, তখন তার স্বাদ হয় দ্বিগুণ।

উপকরণ: কোল্ড ব্রু কফি ১৫০ মিলি, ঠান্ডা দুধ ১০০ মিলি, মধু ১ চা চামচ, বরফের টুকরো ৪-৫টি, ভ্যানিলা এক্সট্র্যাক্ট ২-৩ ফোঁটা, দারচিনি গুঁড়ো ১ চিমটে।

প্রণালী: একটি গ্লাসে মধু ও কিছুটা ঠান্ডা দুধ ভালো করে মিশিয়ে নিন। এমনভাবে মেশাবেন যাতে মধু সম্পূর্ণ গলে যায়। এবার এতে বরফের টুকরো যোগ করুন। তার উপর কোল্ড ব্রু কফি ও বাকি ঠান্ডা দুধ ঢেলে ভালো করে নাড়ুন। উপর থেকে দারচিনি গুঁড়ো ও ভ্যানিলা এক্সট্র্যাক্ট ছড়িয়ে পরিবেশন করুন।

দার্জিলিং চা

চায়ের আড্ডায় কত কী হয়! সময় কখন যে গড়িয়ে যায় টের পাওয়া ভার। আর বাড়িতে কেউ এলে, এক কাপ চা তো অতিথি আপ্যায়নের প্রাথমিক ধাপ।

উপকরণ: দার্জিলিং সেকেন্ড ফ্লাশ চা ২ গ্রাম (প্রায় ১ চা চামচ), জল ১৮০ মিলি।

প্রণালী: জল ভালো করে ফুটিয়ে ৯০-৯৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো গরম থাকতে দিন। এবার চায়ের পাতা কাপে বা টি পটে দিয়ে তার উপর আলতো হাতে গরম জল ঢালুন। ৩-৪ মিনিট ঢেকে রেখে চা ছেঁকে নিন। সেকেন্ড ফ্লাশ স্বাভাবিকভাবেই মিষ্টি স্বাদের। তাই এর স্বাদ ও গন্ধ বজায় রাখতেই চিনি বা মধু দেবেন না। গরম গরম সেই ছাঁকা চা পরিবেশন করুন।

সিনামন ক্যাপুচিনো

উপকরণ: আরাবিকা মিডিয়াম-ডার্ক রোস্ট কফি বিন ৬০ গ্রাম, তাজা দারচিনি সামান্য, স্টিমড দুধ প্রয়োজন মতো।

প্রণালী: আরাবিকা কফি বিন গুঁড়ো করে তার সঙ্গে সামান্য তাজা দারচিনি ভেঙে মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে কফি তৈরি করে কাপে ঢালুন। এবার দুধ স্টিম করে তার উপর ফেনা তৈরি করুন। কাপের একেবারে কাছে স্টিমড দুধ ধরে নিয়ে ধীরে ধীরে ছোটো ছোটো ফোঁটার মতো করে ঢালুন। এতেই ফোম জমে সুন্দর নকশা তৈরি হবে। শিক্ষককে সম্মান জানিয়ে সেই ফোম আর্ট দিয়েই পরিবেশন করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ