জলপথে বাণিজ্যের ইতিহাস বলবে তরুণ সংঘ, দমদম পার্ক সর্বজনীনে পুতুল নাচ
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুদীপ্ত রায়চৌধুরী, কলকাতা: বাংলা ও বাঙালির বাণিজ্যের ইতিহাসের একটা বড়ো অংশ জুড়ে রয়েছে জলপথ। নদীপথ ধরে নৌকা-বজরা নেমেছে সমুদ্রে, পাড়ি দিয়েছে দূরদেশে। এই নৌ-বাণিজ্যের উল্লেখ রয়েছে মঙ্গলকাব্যেও। মনসামঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের চোদ্দ ডিঙার বর্ণনা রয়েছে। সেই ভাবনা থেকেই দমদম পার্ক তরুণ সংঘের পুজোর এবারের বিষয়—‘বেনিয়া কথা’। বাঙালির বাণিজ্যের ইতিহাস ও সাহিত্যস্মৃতিকে দৃশ্যরূপ দিয়েছেন শিল্পী অনির্বাণ দাস। মণ্ডপটি এক ঝলক দেখলে মনে হবে যেন দীর্ঘ জলযাত্রার শেষে বহু পালতোলা বাণিজ্যতরী এসে ভিড়েছেএক বন্দরে। মণ্ডপের উপর রাখা সাতটি বড়ো নৌকা। পাশের পুকুরে ভাসছে সপ্তডিঙা। প্রবেশপথের সামনেই দূরবীন চোখে চাঁদ সওদাগরের প্রমাণ মাপের মূর্তি। চারপাশের দেওয়ালে বিভিন্ন দেশের মানচিত্র। পুজোর যুগ্ম সম্পাদক সৌর ঘোষ ও সায়ন্তন কাঞ্জিলালের কথায়, শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, আফ্রিকা ও মিশরের সঙ্গে জড়িয়ে ছিল বাংলার বাণিজ্যের ইতিহাস। মানচিত্র ও দেওয়ালে আঁকা ছবিগুলি তার প্রমাণ। নৌকাগুলির পাল ও গায়েও আঁকা হয়েছে এই ইতিহাসের নানা আখ্যান। কোথাও হিউয়েন সাঙকে ঘিরে তথ্য, কোথাও সমুদ্রপথের জলদস্যু, কোথাও বাণিজ্যপণ্যের ছবি। দীর্ঘ যাত্রা শেষে বাণিজ্যতরি যেমন ফিরে আসে নিজের বন্দরে, তেমনইগোটা মণ্ডপ ঘুরে দর্শক এসে পৌঁছাবেন আরাধনার কেন্দ্রে। সেই গর্ভগৃহে, বাংলার চিরচেনা টেরাকোটার আদলে বিরাজমান মা দুর্গা।

Advertisement

তরুণ সংঘের মণ্ডপকে ডান হাতে রেখে কিছুটা এগলেই দমদম পার্ক সর্বজনীনের মণ্ডপ। এই অঞ্চলের সবচেয়ে পুরানো এই পুজোর এবার ৭৫তম বর্ষ। থিম ‘পঞ্চালিকা’। 
অর্থাৎ পুতুল নাচ। শিল্পী তাপস দত্তর হাতে সেজে ওঠা মণ্ডপে পা রাখলেই মনে হবে, এ বুঝি পুতুলের দুনিয়া। কোথাও ডাঙের পুতুল। কোথাও তারের। তার মাঝে মাঝে লেখা 
বিভিন্ন পুতুল নাচের পালার নাম—বকাসুর বধ, সাতভাই চম্পা, ওগো বিষ্ণুপ্রিয়া, সাবিত্রী-সত্যবান, মহীরাবণ বধ। পুতুল নাচের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার নামও থাকছে দেওয়ালজুড়ে। প্রতিমার রূপদান করেছেন শিল্পী সনাতন দিন্দা। দেবীর চোখদু’টি টানা টানা। মায়াভরা মুখে বরাভয়। সাজ দেখলে মনে হবে ভক্তকূলের সঙ্গে পুতুল নাচের আসরে বুঝি যোগ দেবেন মহামায়া স্বয়ং। পুজোর যুগ্ম সম্পাদক মলয় দে জানালেন, পুজোর অন্যতম আকর্ষণতারের পুতুল ও ডাঙের পুতুল নাচের লাইভ পারফরম্যান্স।পূর্ব মেদিনীপুরের কন্টাই থেকে আসছেন মা মনসা পুতুল নাচের শিল্পীরা। চলবে চতুর্থী থেকে দশমী পর্যন্ত। শহরের নতুন প্রজন্মের কাছে আমাদের ফেলে আসা ঐতিহ্য তুলে ধরাই লক্ষ্য।