Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রাবণী মেলায় আলোয় সেজেছে তারকেশ্বর, কপ্টার থেকে ফুলবৃষ্টি

শ্রাবণী মেলায় তারকেশ্বরে হেলিকপ্টার থেকে ফুল ফেলা হয়েছে। লক্ষাধিক ভক্তের সমাগম, প্রশাসন সজাগ। বিস্তারিত পড়ুন।

শ্রাবণী মেলায় আলোয় সেজেছে তারকেশ্বর, কপ্টার থেকে ফুলবৃষ্টি
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: ১৮ জুলাই থেকে তারকেশ্বরে শুরু হয়েছে শ্রাবণী মেলা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রবিবার পুণ্যার্থীদের উপর হেলিকপ্টার থেকে ফুল ফেলা হল তারকেশ্বরে। চন্দননগরের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে তারকেশ্বর-বৈদ্যবাটি সড়ক। প্রতিদিন সন্ধ্যায় তারকেশ্বর মন্দিরের দুধপুকুরে থাকছে লেজার শো। মন্দির সংলগ্ন একাধিক দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে শিব পুরাণ ও তারকেশ্বর মন্দির সৃষ্টির ইতিহাস। অন্যান্য বছরের তুলনায় এবারের মেলা একেবারেই অন্যরকম। 

Advertisement

শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণী মেলায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। সরকার পরিবর্তনের পর এই ঐতিহাসিক মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে কয়েক কিলোমিটার ছাড়াই রয়েছে সেবাকেন্দ্র। পুণ্যার্থীদের জন্য ঠান্ডা ও গরম জলের একাধিক কেন্দ্র করা হয়েছে। বাজিতপুর চৌমাথা থেকে মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার উপর দেওয়া হয়েছে ছাউনি। রাজ্যজুড়ে শ্রাবণী মেলার প্রচার হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের মুখে বিষাদের ছায়া। রাস্তা সম্প্রসারণ ও যানজট কমাতে বেশিরভাগ রাস্তার পাশে বসতে দেওয়া হয়নি অস্থায়ী দোকান। মেলা উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে ভলান্টিয়ার নেওয়া হত। এ বছর তা থেকেও বঞ্চিত হয়েছেন তারকেশ্বরে যুবক-যুবতীরা। মন্দির সংলগ্ন এলাকা আলোর সাজে সেজে উঠলেও মূল মন্দির থেকে গিয়েছে অবহেলিত। মন্দিরের চূড়ার রং খসে পড়ছে। গজিয়েছে আগাছা। মেলার আগে মন্দিরটি রং করলে আরও সুন্দর লাগত বলে জানিয়েছেন স্থানীয়রা।
রবিবার মন্দির সংলগ্ন এলাকায় হেলিকপ্টার থেকে ফুল ফেলা হয়েছে। এই প্রথম তারকেশ্বরের শ্রাবণী মেলাকে নতুনভাবে সাজিয়ে তোলা হল। কয়েক লক্ষ ভক্তের সমাগম হবে। সেইমতো প্রশাসনের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ