Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোল্লাকালীকে পুজো দিয়ে প্রচারে তপনের বিজেপি প্রার্থী বুধরাই টুডু

কাজু-কিসমিস খেয়ে দিনের শুরু। দুপুরে নিরামিষ ভাত খেয়ে সংক্ষিপ্ত বিরতি। আর তার মাঝেই চা-আড্ডায় কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে তপন বিধানসভা জুড়ে দিনভর চষে বেড়ালেন বিজেপি প্রার্থী বুধরাই টুডু।

বোল্লাকালীকে পুজো দিয়ে প্রচারে তপনের বিজেপি প্রার্থী বুধরাই টুডু
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেহেবুব হোসেন সরকার, তপন: কাজু-কিসমিস খেয়ে দিনের শুরু। দুপুরে নিরামিষ ভাত খেয়ে সংক্ষিপ্ত বিরতি। আর তার মাঝেই চা-আড্ডায় কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে তপন বিধানসভা জুড়ে দিনভর চষে বেড়ালেন বিজেপি প্রার্থী বুধরাই টুডু। সোমবার বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হতেই মঙ্গলবার সকাল থেকে একের পর এক কর্মসূচিতে ব্যস্ত থাকতে দেখা গেল তাঁকে। সকালে ঘর থেকে বেরিয়েই প্রথমে তিনি পৌঁছে যান বোল্লা কালী মাতার মন্দিরে। সেখানে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচারের সূচনা করেন বুধরাই টুডু। পুজো শেষে সময় নষ্ট না করে সরাসরি বোল্লা বাজার এলাকায় জনসংযোগ শুরু করেন তিনি। দোকানদার, পথচলতি মানুষজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার সমস্যার কথা শোনেন এবং মতামত নেন। এরপর এলাকায় বর্ষীয়ান নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের আশীর্বাদ নেন। প্রচার নিয়ে তাঁদের মতামত নেন। দিনভর প্রচারের ফাঁকে তাঁকে বিভিন্ন জায়গায় কর্মী-সমর্থকদের সঙ্গে চা খেতে দেখা যায়। পরে তিনি পৌঁছে যান পতিরামে। সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বুধরাই টুডু স্পষ্ট বার্তা দেন, আসন্ন নির্বাচনে জয় নিশ্চিত করতে হলে প্রত্যেককে আরও সক্রিয়ভাবে মাঠে নেমে কাজ করতে হবে। বুথ স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করার উপরও বিশেষ গুরুত্ব দেন তিনি। দুপুরে সংক্ষিপ্ত বিরতি নিয়ে সঙ্গীদের সঙ্গে একটি স্থানীয় হোটেলে নিরামিষ ভাত খান। এরপর আবার শুরু হয় তাঁর প্রচার। পতিরাম থেকে তিনি চলে যান গোপালবাটি অঞ্চলের কুচিলা এলাকায়। সেখানেও দলীয় কর্মীদের নিয়ে আরেকটি আলোচনা সভা করেন এবং বাড়ি বাড়ি গিয়ে বর্ষীয়ান ও অভিজ্ঞ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নেন।উল্লেখ্য, তপনের বর্তমান বিধায়ক বুধরাই টুডু। এবারে ফের প্রার্থী হওয়ায় শুরু থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। প্রথম দিনের প্রচার প্রসঙ্গে তিনি বলেন, এদিন বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন এবং আমাদের প্রতি তাদের আস্থা স্পষ্টভাবে বুঝতে পেরেছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ