তাইপে সিটি: কাটল ১৮ বছরের খরা। সাইনা নেহওয়ালের পর প্রথম ভারতীয় হিসাবে তাইপে ওপেন ব্যাডমিন্টনে খেতাব জিতলেন তানভি শর্মা। রবিবার ফাইনালে ভিয়েতনামের এনগুয়েন থুই লিনহকে ২১-১৬, ২১-১৬ স্ট্রেট গেমে হারান তিনি। ৩৬ মিনিটের লড়াইয়ে অভিজ্ঞতার অভাবে বেশ কিছু আনফোর্সড এরর করলেও কখনো ম্যাচের নিয়ন্ত্রণ হারাননি ১৭ বছরের ভারতীয় তরুণী। কেরিয়ারে এটা তাঁর প্রথম বিএফডব্লু সুপার ৩০০ টাইটেল। গত বছর ইউএস ওপেন সুপার ৩০০-র ফাইনালে উঠেও খেতাব জিততে পারেননি। তবে এবার কোনো ভুল হয়নি। উল্লেখ্য, তানভি অতীতে বিশ্বের এক নম্বর জুনিয়র খেলোয়াড় ছিলেন। জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে একাধিক পদক জেতার নজিরও রয়েছে। এবার তাইপে ওপেনেও বাজিমাত করলেন ১৭ বছর বয়সি। অনেকেই তাই সাইনা, পিভি সিন্ধুর পর ভারতীয় ব্যাডমিন্টনের আগামীর তারকা হিসাবে দেখছেন তরুণী তানভিকে।



