নিজস্ব প্রতিনিধি, তমলুক: আগামী শুক্রবার, ১০জুলাই তমলুক পুরসভায় নতুন বোর্ড গঠন হবে। তার আগে আজ, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কাউন্সিলার বিজেপির পাশে দাঁড়ানোর কথা খোলাখুলি ঘোষণা করতে চলেছেন। অন্তত আটজন তৃণমূল কাউন্সিলার বিজেপির চেয়ারপার্সন পদপ্রার্থীর পাশে দাঁড়ানোর বার্তা দেবেন। এই মুহূর্তে তমলুক পুরসভায় বিজেপির কাউন্সিলার মাত্র দু’জন। তবুও এই পুরসভা বিজেপি দখল নিতে চলেছে। তারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারদের সমর্থন পাওয়ার জন্য রাজি করিয়েছে। সেইমতো জোড়াফুলের কাউন্সিলাররা বোর্ড গঠনে খোলাখুলি বিজেপিকে সমর্থন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আজ, তাঁরা অফিসিয়ালি তা ঘোষণা করতে চলেছেন।
১৬২বছরের পুরনো তমলুক পুরসভা এই প্রথম বিজেপি দখল করতে তৎপর হয়েছে। নিজেদের কাছে প্রয়োজনীয় সংখ্যক কাউন্সিলার নেই। এই অবস্থায় তাদের ভরসা রাজ্যপাট খোয়ানো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা। ২০২২সালের নির্বাচনে এই পুরসভায় ২০টি ওয়ার্ডের মধ্যে ১৮টি তৃণমূল ও দু’টি বিজেপি দখল করেছিল। তারপর তৃণমূল বোর্ড গঠন করে। কিন্তু, এবার বিধানসভা ভোটে তৃণমূল পরাস্ত হওয়ার পর এবং তমলুক শহরে একচেটিয়া বিজেপি লিড নেয়। তাতেই অক্সিজেন পেয়ে যায় বিজেপি।
তাছাড়া, তৃণমূলের দাপুটে নেতা তথা কাউন্সিলার চঞ্চল খাঁড়া জেলবন্দি। আরও এক তৃণমূল কাউন্সিলার কানাইলাল দাসও জেলে রয়েছেন। তৃণমূল নেতা তথা ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিমলচন্দ্র ভৌমিক ৪মে থেকেই উধাও। তাতে তৃণমূল ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। জোড়াফুলের কাউন্সিলারদের উপর নানাভাবে চাপও বাড়ছে। গত ২৯জুন পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন বৈদ্যনাথ সিনহা। তারপরই নতুন বোর্ড গঠন নিয়ে তৎপরতা শুরু হয়েছে।
এই পুরসভার সদ্য পদত্যাগী চেয়ারম্যান বৈদ্যনাথবাবু, কাউন্সিলার সৌমেন চক্রবর্তী, চন্দন দে, অলোক সাঁতরা সহ আরও কয়েকজনের রাজনৈতিক সিদ্ধান্ত একপ্রকার নেওয়া হয়ে গিয়েছে। দোদলুল্যমান অবস্থায় থাকা আরও কয়েকজন বিজেপিকে সমর্থন দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছেন। দলের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার কারণে জোড়াফুলের কাউন্সিলারদের পরামর্শ দেওয়ার মতো তৃণমূলে কেউ নেই। তাই আগামী দিনের কথা মাথায় রেখে বেশ কয়েকজন বিজেপিকে সমর্থন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখলের মতোই এবার তমলুক পুরসভার দখল নিতে চলেছে বিজেপি। হাতে মাত্র দু’জন কাউন্সিলার থাকলেও তৃণমূলের পুরপ্রতিনিধিরা বিজেপির পাশে থাকার অঙ্গীকার করেছেন। তাই সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার বিজেপি তমলুক পুরসভা দখল নিতে চলেছে। বিজেপির টিকিটে জয়ী জয়া দাস নায়েক সম্ভাব্য চেয়ারম্যান। এনিয়েই শহরজুড়ে জোর চর্চা চলছে।