পার্থর পরে এবার সব্যসাচী, ধৃত তৃণমূল নেতার বান্ধবীর বাড়ি থেকে মিলল কিলো কিলো সোনা!
পার্থর পরে এবার সব্যসাচী, ধৃত তৃণমূল নেতার বান্ধবীর বাড়ি থেকে মিলল কিলো কিলো সোনা!
নিজস্ব প্রতিনিধি, ২৩ জুন: ২০২২ সালের জুলাই মাস। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা নগদের পাশাপাশি উদ্ধার হয়েছিল পাঁচ কিলো সোনা! এর চার বছর পরে তারই একটি ঝলক দেখা গেল রাজ্যে। এবার সল্টলেকের তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তের বান্ধবীর বাড়িতে বিপুল সোনার খোঁজ পেল পুলিশ।
সোমবার গভীর রাতে সব্যসাচীকে নিয়ে নদীয়ার করিমপুরের কিশোরপুরে টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। সূত্রের খবর, সেখানে মোট ৩ থেকে সাড়ে তিন কিলো সোনার গয়না মিলেছে। যার বাজার মূল্য কোটি টাকার উপরে। আরও জানা গিয়েছে, টিনার স্বামীর বাড়ি নদীয়ার নাজিরপুর থানার বাগাডোবা গ্রামে। গতকাল রাতে সেখানেও চলে অভিযান। টিনার স্বামীর বাড়ি থেকেও সোনা উদ্ধার হয়েছে বলে খবর। এত পরিমাণ সোনা কিভাবে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তোলাবাজি টাকা থেকেই এই সোনা কিনেছিল সব্যসাচী, দাবি তদন্তকারীদের।
তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের নিউটাউনের ফ্ল্যাট থেকেও লক্ষ লক্ষ টাকার সোনা কেনার রসিদ পেয়েছিল পুলিশ। মোট কত টাকার সোনা কিনেছেন, সেই টাকার উৎস কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাঁর ফ্ল্যাট থেকে ৭০-৮০ গ্রাম সোনার গয়নাও উদ্ধার হয়।