Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিমান গলে জল, মতিবুরের সঙ্গে দেখা করলেন তাজমুল

মধুরেণ সমাপয়েত। দলের প্রতি ক্ষোভের আগুন উগড়ে দেওয়া থেকে দলবদলের জল্পনা।

অভিমান গলে জল, মতিবুরের সঙ্গে দেখা করলেন তাজমুল
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মহম্মদ নাজিম, হরিশ্চন্দ্রপুর: মধুরেণ সমাপয়েত। দলের প্রতি ক্ষোভের আগুন উগড়ে দেওয়া থেকে দলবদলের জল্পনা। রাগ ও অভিমান ভুলে সব আলোচনায় ইতি টানলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান ও বিদায়ী মন্ত্রী তাজমুল হোসেন। বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ পর্ব শেষে মন্ত্রীকে নিজের হাতে মিষ্টিমুখ করিয়ে রাগ ভাঙালেন মতিবুর। এক থালায় খাবারও খেলেন দু’জনে। 

Advertisement

দুই নেতার এই মিলনাত্মক ক্লাইম্যাক্স দেখে কর্মীরা বলাবলি শুরু করলেন,  মেগা ফাইট এবার অতীত। এখন সময় একজোট হয়ে প্রচারে নেমে বিজেপির বিসর্জন দেওয়া। তাজমুলও সাফ জানিয়ে দিয়েছেন, দলেই আছেন এবং প্রার্থীর সমর্থনে একই কায়দায় ভোট করবেন। এসব দেখে তৃণমূল নেতা হেবজুর রহমানের মন্তব্য, দলে বিদায়ী মন্ত্রীকে প্রয়োজন ছিল। রাগ-অভিমান ভুলে দু’জন একজোট হয়ে লড়াই করবেন, এতেই কর্মীরা খুশি। তাজমুল টিকিট পাননি মানে তিনি এলাকায় উন্নয়ন করেননি, এমনটা ভাবা একদমই ভুল হবে। হরিশ্চন্দ্রপুর উন্নয়নে তাঁর যথেষ্ট অবদান রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান মতিবুর। মন্ত্রীকে মামা বলে সম্বোধন করে মিষ্টিও খাইয়ে দেন। তারপরেই শুরু হয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা।
টিকিট না দেওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছিলেন তাজমুল। দফায় দফায় ঘনিষ্ঠ নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। যে পার্টির ‘প’ জানে না, দল তাঁকে টিকিট দিয়েছে বলে কটাক্ষ করেছিলেন মতিবুরকে। তারপর থেকে প্রার্থীর‌ সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলছিলেন তাজমুল। তুমুল চর্চা হচ্ছিল তাঁর সম্ভাব্য দলবদল নিয়েও। 
মতিবুর বলেন, টিকিট না পাওয়ায় মন্ত্রীর ক্ষোভ ছিল। তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার চেষ্টা করেও পারিনি। এদিন তাঁর বাসভবনে গিয়ে দেখা করেছি। এখন আর কোনো সমস্যা নেই। মন্ত্রী একজন বর্ষীয়ান নেতা। দলে তাঁর যথেষ্ট গুরুত্ব রয়েছে।‌ তিনি সরল মনের মানুষ ও এলাকায় জনপ্রিয়তা রয়েছে। বিরোধীদের সঙ্গে লড়াই করার জন্য তাঁর সাহায্যের প্রয়োজন ছিল। এদিন রাগ অভিমান ভুলে জোটবদ্ধ হয়ে রাজনৈতিক লড়াই করার শপথ নিলাম। তাজমুলের কথায়, টিকিট না পাওয়ার অভিমানে একটু দূরে সরে ছিলাম ঠিকই, কিন্তু দলবদলের জল্পনা মিথ্যা। দলের নির্দেশে প্রার্থীর হয়ে দ্রুত ভোট প্রচারে নামব। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ