কুয়ালামপুর, ৩১ জানুয়ারি: ফের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারতীয় মহিলা দল। এই নিয়ে টানা দুবার। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেই সেমি ফাইনালে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল নিকি ব্রিগেড। কুয়ালালামপুরে ৯ উইকেটে হারাল অ্যাবিদের দলকে। এদিনে টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যদিও এই সিদ্ধান্ত যে একেবারেই সঠিক নয় তা প্রথমেই টের পেয়ে যায় জেমিমা, ট্রুডিরা। তাসের ঘরের মতো উইকেট পড়তে থাকে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ডাভিনা (৪৫)। তাকে লড়াইয়ে কিছুটা সঙ্গত দেন অ্যাবি। তিনি করেন ৩০ রান। দলের ৬ ব্যাটার এক অঙ্কের রান করে প্যাভিলিয়মুখী হন। শেষে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১১৩ রান তোলে ব্রিটিশ ব্রিগেড। অন্যদিকে, বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতের পারুনিকা সিশোদিয়া এবং বৈষ্ণবী শর্মারা। ৩টি করে উইকেট নেন তাঁরা। ২টি উইকেট আসে আয়ুশী শুক্লার ঝুলিতে। এরপর জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন ভারতীয় ওপেনার জি কমলিনী। ৫০ বলে করেন ৫৬ রান করে অপরাজিত থাকেন। মারেন ৮টি বাউন্ডারি। তাঁকে যোগ্য সঙ্গত দেন গঙ্গাদি তৃষা। তিনি ২৯ বলে ৩৫ রান করেন। তাঁর আউটের পর ম্যাচে কমলিনীর সঙ্গে ক্রিজে টিকে থাকেন সানিকা চালকে। ১২ বলে ১১ রান করেন। ব্রিটিশ বোলারদের মধ্যে ফোয়েব ব্রেট নেন একটি মাত্র উইকেট। ম্যাচের সেরা হন টিম ইন্ডিয়ার পারুনিকা। আগামী রবিবার ২ ফেব্রুয়ারি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলতে নামবে নিকি ব্রিগেড।



