Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রশ্নফাঁস, দেদার নকল ছাড়া উচ্চ মাধ্যমিক মেটায় স্বস্তি মালদহে

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস বা মোবাইল সহ পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ার মতো ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর

প্রশ্নফাঁস, দেদার নকল ছাড়া উচ্চ মাধ্যমিক মেটায় স্বস্তি মালদহে
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস বা মোবাইল সহ পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়ার মতো ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর। তবে পরীক্ষা চলাকালীন দু’একটি অবাঞ্ছিত ঘটনা ঘটেছে মালদহে। বিষয়গুলি থেকে শিক্ষা নিয়ে পুনরাবৃত্তি এড়ানোর চেষ্টা করা হবে বলে শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। এদিকে কালিয়াচক-৩ ব্লকের চামাগ্রাম হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক,শিক্ষিকাদের নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বলে সংসদ সূত্রে জানা গিয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দু’একটি অবাঞ্ছিত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই কেটেছে। 

Advertisement

মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিকের সমাজবিদ্যা বিষয়ের পরীক্ষা। তারই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটির মতো বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হতেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস দেখা গিয়েছে। 
জেলায় চামাগ্রাম হাইস্কুলের ‘নিন্দনীয়’ ঘটনা প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক আধিকারিক বলেন, মঙ্গলবার পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওই ঘটনা নিয়ে পদক্ষেপ শুরু করেছি। কয়েক দিনের মধ্যেই সংশ্লিষ্ট সব পক্ষকে ডেকে পাঠানো হবে। জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির সদস্যদের ডেকে তাঁদের মতামত নেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়েই দেখছি। একই সঙ্গে হবিবপুর ব্লকের ঋষিপুর হাইস্কুলে পরীক্ষার্থীদের একাংশের ‘তাণ্ডব’ নিয়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে শিক্ষা সংসদের ওই আধিকারিক জানান।
তবে মোটের ওপর উচ্চ মাধ্যমিক নিয়ে জেলা থেকে প্রশ্নফাঁস বা দেদার নকলের মতো গুরুতর অভিযোগ না ওঠায় সন্তোষ প্রকাশ করেছে প্রশাসন ও শিক্ষা দপ্তর। জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, সকলের প্রচেষ্টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মোটের উপর শান্তিতে শেষ হয়েছে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন সমিতির অন্যতম যুগ্ম আহ্বায়ক অমল ঘোষের কথায়, শিক্ষক, শিক্ষিকা, পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষা দপ্তর, প্রশাসন ও পুলিসের মিলিত চেষ্টায় উচ্চ মাধ্যমিক প্রায় শান্তিতেই মিটেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ