নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিপাড়ায় কলাকুশলী থেকে শুরু করে বিভিন্ন পেশায় নিযুক্ত কর্মীদের আয়ের পাঁচ শতাংশ কমিশন দিতে হত স্বরূপ বিশ্বাসকে। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া টাকার রসিদ থেকে এই তথ্য মিলেছে। বৃহস্পতিবার প্রাক্তন মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলার শুনানিতে এই দাবি করেছে পুলিশ। একইসঙ্গে কোভিডকালে বিভিন্ন নায়ক-নায়িকাদের কাছ থেকেও সংগ্রহ করা বিপুল টাকার হিসাব তিনি দেননি বলে জানা গিয়েছে। রিজেন্ট পার্ক থানায় দায়ের হওয়া একটি তোলাবাজি সংক্রান্ত মামলায় স্বরূপকে এদিনই পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে। টালিউডে এক মেক আপ আর্টিস্টকে ভয় দেখানো, তোলা আদায় সহ একাধিক অভিযোগে নিউ আলিপুর থানা গ্রেপ্তার করে স্বরূপ বিশ্বাসকে। তাঁর বাড়িতে অভিযান চালিয়ে মানি রিসিপ্ট সহ বিভিন্ন নথি উদ্ধার করেন তদন্তকারীরা। তদন্তে জানা গিয়েছে, তাঁর অনুমতি ছাড়া কোনো শিল্পীই কাজ পেতেন না। স্টুডিয়োপাড়ায় কারা কাজ পাবেন, তা ঠিক করতেন তিনি। কেউ কাজ চাইলে স্বরূপের সঙ্গে একান্তে কথা বলতে হতো। সেখান থেকে গ্রিন সিগন্যাল পেলেই প্রডিউসার সংশ্লিষ্ট তরুণীকে তাঁর সিনেমায় নিতে পারতেন। তদন্তে উঠে এসেছে, টলিউডের শিল্পীদের রোজগারের কত শতাংশ কমিশন হিসাবে তাঁকে দিতে হবে, তা নিজেই বেঁধে দিয়েছিলেন স্বরূপ। এই টাকা নগদে সংগ্রহ করতেন স্বরূপের দুই অনুগামী। ওই টাকা আবার ঘুরপথে সিনেমা শিল্প ও রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করতেন তিনি।



