সংবাদদাতা, তারকেশ্বর: ২০ জুন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে তারকেশ্বরে। এই অনুষ্ঠানের প্রাক্কালে তারকেশ্বরে ‘স্বচ্ছতা স্বাগত অভিযান’ পালিত হল বৃহস্পতিবার। তারকেশ্বর রাজবাড়ি মাঠের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার সহ একাধিক বিধায়ক। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৪৭ সালের ৪-৬ এপ্রিল রাজবাড়ি সংলগ্ন যে মাঠে হিন্দু মহাসভার আয়োজন করা হয়েছিল, সেখান থেকেই অনুষ্ঠানের সূচনা হয়। ওই মহাসভা থেকেই পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছিল। ১৯৪৭ সালের ২০ জুন সেই পরিকল্পনা বাস্তবায়িত করেছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
হুগলি জেলাকে স্বচ্ছ ও মডেল জেলা রূপে গড়ে তোলার অঙ্গীকারের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মন্ত্রী সহ তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ বাগ, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অনুজ প্রতাপ সিং রাস্তায় নেমে সাফাই কর্মসূচিতে হাত লাগান। এছাড়াও স্বচ্ছতা অভিযানে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী ও সাধারণ মানুষ।
২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনকে কেন্দ্র করে তারকেশ্বরে এখন সাজ সাজ রব। মন্ত্রী সুমনা সরকার বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই আজ আমরা পশ্চিমবঙ্গকে পেয়েছি, তাঁকে প্রণাম জানাই। ভারতের বিভিন্ন জায়গায় নানা কাজে স্বচ্ছতা এসেছে। একইভাবে পশ্চিমবাংলায় সেই স্বচ্ছতা আসবে। আগে যে সরকার ছিল, তারা দুর্নীতিতে যুক্ত। স্বচ্ছতা বলে কিছু ছিল না। আসলে স্বচ্ছতাই সম্পদ। এই পুণ্যভূমি থেকেই শুরু হল স্বচ্ছতা অভিযান। ২০ তারিখ তারকেশ্বরে এসে পশ্চিমবঙ্গ দিবসের কথা ঘোষণা করবেন খোদ প্রধানমন্ত্রী। এটা আমাদের কাছে বড়ো পাওনা।
অন্যদিকে, আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে হুগলিতে প্রধানমন্ত্রীর বিশেষ সফর সংক্রান্ত প্রস্তুতির কথা তুলে ধরেছে জেলা প্রশাসন। পাশাপাশি কী কী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, সেকথাও জানানো হয়েছে। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ২১ জুন বিশ্ব যোগা দিবসের বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। বিশ্ব যোগ দিবস ও পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় চুঁচুড়ায়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি এবং চন্দননগর পুলিশ কমিশনার সুনীলকুমার যাদব। তাঁরা জেলার সব নাগরিককে বিশ্ব যোগ দিবসের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। এর জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করার অনুরোধ করেন তাঁরা। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ দিবস ও বিশ্ব যোগ দিবস— উভয় অনুষ্ঠানই সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বতোভাবে প্রস্তুত।