Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দেশের হয়ে সেরাটা দিতে চায় সূর্যবংশী

বৈভব সূর্যবংশী জিম্বাবোয়ে সফরে দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার পর নতুন উদ্যমে মাঠে নামবে ভারত। বিস্তারিত পড়ুন।

দেশের হয়ে সেরাটা দিতে চায় সূর্যবংশী
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হারারে: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মোটেই প্রত্যাশামাফিক হয়নি। টানা তিন ম্যাচে ব্যর্থতার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে দল থেকে বাদও পড়তে হয়। তবে সেসব ভুলে জিম্বাবোয়ে সফরে জাত চেনাতে মরিয়া বৈভব সূর্যবংশী। বোর্ডের ওয়েবসাইটে ১৫ বছর বয়সির সাফ মন্তব্য, ‘গত কয়েক মাস উত্থান-পতনের মধ্যে দিয়ে কেটেছে। যদিও এসব ক্রিকেটেরই অংশ। এগুলো হতেই থাকবে। তাই ভাবছি না। আগামী দিনে দলের জন্য একশো শতাংশ উজাড় করে দেওয়াই লক্ষ্য থাকবে।’ 

Advertisement

কয়েক মাস আগে যুব বিশ্বকাপের ফাইনালে হারারে স্পোর্টস ক্লাবের মাঠেই ৮০ বলে ১৭৫ করেছিল বৈভব। সেই মাঠেই বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামছে ভারত। বৈভবের কথায়, ‘এই মাঠটা আমার খুব প্রিয়। চার মাস আগেই বিশ্বকাপ জিতেছিলাম অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। সেই মাঠেই আবার খেলব ভেবে দারুণ অনুভূতি হচ্ছে। এখানের পিচ ও কন্ডিশন আমার জানা।’
টানা ক্রীড়াসূচি নিয়ে অবশ্য কিছুটা উদ্বিগ্ন ভারতীয় দল। ইংল্যান্ড থেকে সরাসরি জিম্বাবোয়ে চলে এসেছেন অনেকেই। সেই প্রসঙ্গে ক্যাপ্টেন শ্রেয়স আয়ার বলেছেন, ‘নিশ্চিতভাবেই এটা খুব চ্যালেঞ্জের। আমরা এখানে এসেছি মঙ্গলবার। আজ প্র্যাকটিস করে বৃহস্পতিবারই নামব ম্যাচে। তবে ঘন ঘন ম্যাচের মধ্যেও মজা রয়েছে। এই পরিস্থিতিতে ভালো খেলতে পারলে খুশি হব।’ তাঁর নেতৃত্বে টানা সাত ম্যাচে আসেনি জয়। স্বাভাবিকভাবেই সমালোচনার সুর ক্রমশ বাড়ছে। শ্রেয়স অবশ্য তাতে কান দিচ্ছেন না। তাঁর কথায়, ‘আমাদের মধ্যে ব্যর্থ হওয়ার ভয় রয়েছে বলে মনে করি না। কারণ মাথায় এটা থাকলে বাদ পড়া থেকে নিজেকে বাঁচানোই লক্ষ্য হয়ে ওঠে। কিন্তু ওই ভয় না থাকলে সেরাটা বেরিয়ে আসে। তাই লোকে কী বলছে তা নিয়ে ভাবার দরকার নেই। বর্তমানে থাকা জরুরি। আমরা যত ভালো খেলব, যত একসঙ্গে থাকব, দলের পক্ষে তত ভালো।’ 
সতীর্থদের থেকে ভয়ডরহীন ক্রিকেট চাইছেন ভারত অধিনায়ক। তাঁর সংযোজন, ‘শেষ দুই সফরে আমাদের ফল বাজে হয়েছে। কিন্তু এর বেশ কিছু ইতিবাচক দিকও রয়েছে। গোটা দলকে একসূত্রে বেঁধেছে এটা। আগামী দিনে কীভাবে খেলব আমরা, তা নিয়ে প্রচুর আলোচনা করেছি সকলে। এই খারাপ সময়টা যত দ্রুত পেরিয়ে আসতে পারব, তত আমরা দলগতভাবে শক্তিশালী হব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ