সুকান্ত বেরা, আহমেদাবাদ: ২০০৭। জোহানেসবার্গ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম টি-২০ বিশ্বকাপ জয়।
সুকান্ত বেরা, আহমেদাবাদ: ২০০৭। জোহানেসবার্গ। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম টি-২০ বিশ্বকাপ জয়।
২০২৪। কেনসিংটন ওভাল। রোহিত শর্মার অধিনায়কত্বে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের লিফটের বাঁ দিকে জ্বল জ্বল করছে দু’টো বড় ছবি। টিম ইন্ডিয়ার বর্তমান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কি সেটা দেখেছেন? মনে তো হল না। কারণ, শনিবারের বারবেলায় যে রাস্তা দিয়ে তিনি সাংবাদিক সম্মেলনে ঢুকলেন, তাতে চোখে পড়ার কথা নয়। তিনি ঢুকলেন পিছনের দরজা দিয়ে। তবে সূর্যকুমারের কথায় যে তেজ ঠাহর করা গেল, তাতে এই টিম ইন্ডিয়া লম্বা রেসের ঘোড়া। টি-২০’তে অপ্রতিরোধ্য। রেকর্ড তো তাই বলে। তবুও বিশের ফরম্যাটে পা হড়কানোর সম্ভাবনা প্রভূত। অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব থেকে বিদায় জ্বলজ্যান্ত উদাহরণ। ভারত অধিনায়ক সাবধানী। কিন্তু ব্যাকফুটে নন। বরং কঠিন লড়াইয়ে নামার আগে দলকে উজ্জীবিত করছেন সমান তালে। আগলে রাখার চেষ্টা করছেন সতীর্থ অভিষেককেও। ক’দিন আগে যিনি ছিলেন গলার মালা, তিনিই এখন বিঁধছেন কাঁটা হয়ে। শূন্যের হ্যাটট্রিক করে অভিষেকও প্রবল চাপে। সেই সুযোগটা কাজে লাগাতে আসরে দক্ষিণ আফ্রিকার কোচ। তিনি অভিষেককে খোঁচা দিতে ছাড়েননি। তাই সাংবাদিক সম্মেলনে অভিষেক প্রসঙ্গ উঠতেই চালিয়ে খেললেন সূর্য। ‘অভিষেকের ফর্ম নিয়ে যাঁরা চিন্তা করছেন, তাঁদের জন্যই আমার দুশ্চিন্তা হচ্ছে। অভিষেক রানে ফিরলে প্রতিপক্ষের কী দশা হবে, বুঝতেই পারছেন!’
সূর্য আসলে এক ঢিলে দুই পাখি মারলেন। বার্তা স্পষ্ট, আমার ছেলে যতই খারাপ হোক, সে আমারই। কঠিন সময়ে দল তার পাশে। আর দক্ষিণ আফ্রিকা শিবির থেকে অভিষেকের ফর্ম নিয়ে যে খোঁচা দেওয়া হচ্ছিল, তারও জবাব দিলেন ক্যাপ্টেন। একই সঙ্গে তিনি যোগ করলেন, ‘এক বছরের বেশি সময় ধরে অভিষেক আমাদের টেনেছে। ওর খারাপ সময়ে আমরা ওকে টানব।’ চাপমুক্ত থাকা এবং রাখা দুটোই জরুরি। অধিনায়ক হিসেবে সেই কাজটাই করলেন সূর্যকুমার। আসলে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে অভিষেক দাঁড়িয়ে গেলে ভারতের কাজটা অনেক সহজ হয়ে যাবে।’
পাকিস্তান ম্যাচ ছাড়া গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার ব্যাটিং আশানুরূপ ছিল না। বিশেষ করে তিলক ভার্মার মন্থর ব্যাটিং নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। তাহলে কি সঞ্জুর এন্ট্রি হতে পারে? পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন, ‘কার জায়গায় খেলবে সঞ্জু? অভিষেককে বসিয়ে! তিলক ভার্মাকে বাদ দিয়ে? নাকি আমার জায়গায়? (মুচকি হেসে)। প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। অভিষেক যে ধরনের ক্রিকেট খেলতে ভালোবাসে, সেটাই করবে। ও রান না পেলে আমরা তো আছি। তাছাড়া শেষ পাঁচ ওভারে বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য হার্দিক, দুবে, রিঙ্কুও রয়েছে। তাই ব্যাটিং নিয়ে আমরা চিন্তা করছি না। সিচুয়েশন অনুযায়ী খেলছি। সবাই লোড নিতে জানে। ফ্র্যাঞ্চাইজি লিগে আমরা এখানে অনেক ম্যাচ খেলেছি। পরিবেশ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। জেতার জন্য আমাদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে।’
খেলা শুরু সন্ধ্যা ৭টায়। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।