Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আরও স্মরণীয় মুহূর্তের প্রতীক্ষায় সূর্য

কয়েক মাস আগেও ঘোরতর সংশয় উঁকি দিচ্ছিল তাঁর ক্রিকেট জীবনের ভবিষ্যৎ ঘিরে। ভুলে গিয়েছিলেন বড় রানের পথ। ২০২৫ সালটা সত্যিই খারাপ গিয়েছে সূর্যকুমার যাদবের

আরও স্মরণীয় মুহূর্তের প্রতীক্ষায় সূর্য
  • ১৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

মুম্বই: কয়েক মাস আগেও ঘোরতর সংশয় উঁকি দিচ্ছিল তাঁর ক্রিকেট জীবনের ভবিষ্যৎ ঘিরে। ভুলে গিয়েছিলেন বড় রানের পথ। ২০২৫ সালটা সত্যিই খারাপ গিয়েছে সূর্যকুমার যাদবের। মনে হচ্ছিল, যে কোনো সময় দল থেকে বাদ পড়বেন ভারতের টি-২০ অধিনায়ক। আপাতত সেই দুশ্চিন্তা ঘাড় থেকে নেমেছে। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ২৪২ রানের পাশাপাশি দক্ষতার পরিচয় রেখেছেন নেতৃত্বেও। ভারতকে বিশ্বকাপ জয়ের পথ দেখিয়ে রীতিমতো তৃপ্ত ‘স্কাই’। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৫ বছর পূর্ণ হল শনিবার। আর সেই বিশেষ দিনে অনুরাগীদের আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। 

Advertisement

সোশ্যাল মিডিয়া পোস্টে সূর্য লিখেছেন, ‘দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছর কাটিয়ে ফেললাম। জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সফল হওয়ার দিনটা আজও স্মৃতিতে উজ্জ্বল। প্রথম বার ভারতের জার্সি পরার অনুভূতি ঠিক কেমন ছিল তা বলে বোঝাতে পারব না। তারপর অনেক মধুর অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। তবে এখনই তৃপ্ত হয়ে পড়লে চলবে না। ভারতীয় দলের হয়ে আরও দুর্দান্ত কিছু স্মৃতি তৈরি করতে চাই।’ লেখার সঙ্গে ক্রিকেট জীবনের বিভিন্ন উজ্জ্বল মুহূর্তের ছবির কোলাজ পোস্ট করেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। পাশাপাশি এদিন কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ট্রফি হাতে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরেও পুজো দিলেন সূর্য।
২০২১ সালের ১৪ মার্চ আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল সূর্যর। সেই মাঠেই গত রবিবার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের পঞ্চম বর্ষপূর্তিটা এর চেয়ে ভালো আর কী হতে পারত! এখনও পর্যন্ত একটি টেস্ট, ৩৭টি ওয়ান ডে এবং ১১৩টি টি-২০ ম্যাচ খেলেছেন ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটার। টেস্ট এবং ওডিআইতে খুব একটা নজর কাড়তে পারেননি তিনি। তাই শুধুমাত্র ২০ ওভারের ক্রিকেটের জন্যই বিবেচনা করা হয় ৩৫ বছরের সূর্যকে। এই ফরম্যাটে ৩৬.৩৫ গড়ে ৩২৭২ রান রয়েছে তাঁর। এই ফর্ম বজায় রেখে আরও কয়েক বছর বাইশ গজে আলো ছড়াতে চাইবেন সূর্য। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছে। পরবর্তী লক্ষ্য, ২০২৮ লস এঞ্জেলস ওলিম্পিকসে সোনা জয়।

সম্পর্কিত সংবাদ