Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদ সীমান্তে নজরদারি বাড়ল

একদিকে প্রজাতন্ত্র দিবস অপরদিকে বাংলদেশে নির্বাচন।এই দুইকে সামনে রেখে মুর্শিদাবাদ সীমান্তে বাড়ল সুরক্ষা।

মুর্শিদাবাদ সীমান্তে নজরদারি বাড়ল
  • ২৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০

অভিষেক পাল, বহরমপুর: একদিকে প্রজাতন্ত্র দিবস অপরদিকে বাংলদেশে নির্বাচন।এই দুইকে সামনে রেখে মুর্শিদাবাদ সীমান্তে বাড়ল সুরক্ষা। নির্বাচনের আবহে বাংলাদেশের একাধিক নেতা ভারত বিদ্বেষী বক্তব্য রাখছেন। সে দেশের আন্দোলনেও সর্বত্রই প্রবল ভারত বিদ্বেষের ছবি দেখা যাচ্ছে। এই আবহে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা আরও শক্তিশালী করার পদক্ষেপ করা হল। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে, তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদের লালগোলা, জলঙ্গি, সাগরপাড়া, সূতি ও জঙ্গিপুরের একাধিক এলাকা। বাংলাদেশের অস্থিরতার কারণে সীমান্ত দিয়ে একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। এবার নির্বাচন ও অশান্তির কোনওরকম আঁচ যাতে এপাড়ে এসে না পড়ে, তার জন্য মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ ও পুলিশ। পাশাপাশি সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি এদেশের অভ্যন্তরে অরাজকতা তৈরির চেষ্টা করে। নাশকতার ছক কষে তারা।

Advertisement

অতীত বলছে, অধিকাংশ জঙ্গি সংগঠনের সদস্য ও আততায়ীরা বাংলাদেশের খোলা সীমান্ত দিয়ে এপারে ঢুকে যায়। ফলে সাধারণতন্ত্র দিবসের আগে থেকেই সীমান্ত সুরক্ষার পাশাপশি জোর দেওয়া হয়েছে অস্ত্রের চোরাচালান ও মাদক পাচারের দিকে। প্রতিবার বাংলাদেশের নির্বাচনের সময় মুর্শিদাবাদ সীমান্ত থেকে ওপারে অস্ত্র যাওয়ার নজির রয়েছে। সম্প্রতি বহরমপুর থানার পুলিশ তিন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে দু’টি সেভেন এমএম পিস্তল এবং ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, এই অস্ত্র সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল তাদের। সীমান্তে হাতবদল হয়ে সে অস্ত্র বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো কিনা তা নিয়েও সন্দেহ দানা বেধেছে। বাংলাদেশে সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সে দেশের সীমান্তবর্তী ২৭ জেলার পুলিশকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবিকেও সতর্ক থাকার কথা বলা হয়। একই রকমভাবে এপারেও কড়া নজরদারি চলছে।

বিএসএফের এক গোয়েন্দা কর্তার কথায়, সীমান্তে আমরা কড়া নজরদারি চালাচ্ছি। বিওপিগুলি ছাড়াও খোলা সীমান্তের বিভিন্ন অংশে বাড়তি জওয়ান মোতায়েন করা হয়েছে। আমাদের গোয়েন্দা বিভাগও সক্রিয়ভাবে সীমান্তে নজরদারি চালাচ্ছে।

বিএসএফকে সঙ্গে নিয়ে রাজ্য পুলিশের আধিকারিকরা সীমান্ত এলাকায় বাইক ও গাড়িতে নজরদারি চালাচ্ছে। হেঁটেও খোলা সীমান্তের নানা দিক খতিয়ে দেখা হয়েছে। আগামী দিনেও রাজ্য পুলিশ এবং বিএসএফের পক্ষ থেকেও টহলদারি চলবে বলে জানা গিয়েছে।

জেলা পুলিশের এক আধিকারিক বলেন, বরাবরই আমরা সীমান্তবর্তী থানা গুলিকে বাড়তি নজরদারি চালানোর কথা বলেছি। বাংলাদেশের নির্বাচনের পাশাপাশি ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে গোটা জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে।

সম্পর্কিত সংবাদ