নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পুজো আর হাতেগোনা কয়েকদিন বাকি। তার আগে দুর্গাপুজোয় থিমের চমক দিতে প্রস্তুত মেদিনীপুর শহর। কোথাও দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জীবনকাহিনি, কোথাও আবার বন্দেমাতরমের ১৫০ বছরের ইতিহাস, কেউ আবার অন্ধ্রপ্রদেশের রাজপ্যালেসের আদলে মণ্ডপ তৈরি করছে। শহরের পুজো মণ্ডপগুলি ভিড় বাড়াতে কলকাতার দর্শনীয় স্থান থেকে টেরাকোটা শিল্প আবার সাধারণ মানুষের জীবনের বোঝা-বৈচিত্র্যময় ভাবনায় সাজিয়ে তুলছে শহরের মণ্ডপগুলি। হাতে সময় অল্প গভীর রাত পর্যন্ত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। শহরজুড়ে উৎসবের উন্মাদনা তুঙ্গে।
মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, মেদিনীপুর শহরকে সাজিয়ে তোলা হচ্ছে। শহরের বিভিন্ন প্রান্তে থিমের মণ্ডপ তৈরি হচ্ছে। এবছর পুজোয় রেকর্ড ভিড় হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটোবাজার সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের থিম ‘দেশনায়ক-দ্য গ্রেটেস্ট এনিমি অফ ব্রিটিশ এম্পায়ার’। ৮৪তম বছরে পা দেওয়া এই পুজোর বাজেট আট লক্ষ টাকা। নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশসেবার ইতিহাস তুলে ধরতেই এই উদ্যোগ। মণ্ডপের ভিতরে অডিয়ো-ভিজুয়ালের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের নানা অধ্যায় দেখানো হবে। পাশাপাশি নেতাজির ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর প্রতিরূপ দিয়ে সাজানো হবে মণ্ডপ। পুজো কমিটির সভাপতি পার্থ নাগ বলেন, দেশ নায়ককে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। বল্লভপুর যুব গোষ্ঠীর পুজো এবছর ৫০ বছরে পা দিচ্ছে। ১১ লক্ষ টাকা বাজেটে অন্ধ্রপ্রদেশের রাজপ্যালেসের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। উন্নতমানের ফোম দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে রাজকীয় স্থাপত্য। কলকাতার কুমোরটুলি থেকে প্রতিমা আসবে। পুজো কমিটির সম্পাদক অভিজিৎ দত্ত ও পত্রিকা সম্পাদক অসীম মণ্ডল বলেন, প্রতিমার জন্যই আড়াই লক্ষ টাকা খরচ হচ্ছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা মণ্ডপে ভিড় করবেন।
আবার বল্লভপুর বাণীমন্দির ক্লাবের ৯০বছর পুজোর আকর্ষণ টেরাকোটা শিল্পের আদলে মণ্ডপ ও প্রতিমা। পাটনা বাজার কাঠগোলা দুর্গাপুজো কমিটির ৬২তম বর্ষের থিম ‘বন্দেমাতরম’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত গানের ১৫০ বছর পূর্তিকে স্মরণ করেই আট লক্ষ টাকা বাজেটে সাজানো হচ্ছে মণ্ডপ। সম্পাদক রাকেশ সাহা বলেন, পুজোর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রাঙামাটি সর্বজনীন দুর্গাপুজো কমিটির ৩০ লক্ষ টাকা বাজেটের থিম ‘কলকাতা’। কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। যুগ্ম সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, থিমের মাধ্যমে কলকাতা শহরটাকে তুলে ধরার চেষ্টা হচ্ছে।
বার্জ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির থিম ‘বোঝা’। সংসারের দায়িত্ব থেকে ঋণের চাপ, মানুষের জীবনের নানা বোঝা শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। পুজো কমিটির কার্যকরী সভাপতি শুভজিৎ রায় বলেন, পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। ইতিহাস, ঐতিহ্য, শিল্পকলা ও সামাজিক বার্তার মেলবন্ধনে এবছর মেদিনীপুরের দুর্গাপুজো নতুন মাত্রা পেতে চলেছে।



