Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রিঙ্কুকে সহ-অধিনায়ক করে চমক, আজ মুম্বই যাচ্ছে নাইট ব্রিগেড

অদম্য জেদ, কঠোর অনুশীলন আর দৃঢ় সংকল্প— এই তিনটি যদি মিশে যায়, তাহলে আপনার শিখর স্পর্শ কেউ ঠেকাতে পারবে না

রিঙ্কুকে সহ-অধিনায়ক করে চমক, আজ মুম্বই যাচ্ছে নাইট ব্রিগেড
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অদম্য জেদ, কঠোর অনুশীলন আর দৃঢ় সংকল্প— এই তিনটি যদি মিশে যায়, তাহলে আপনার শিখর স্পর্শ কেউ ঠেকাতে পারবে না। রিঙ্কু সিং তার জ্বলজ্যান্ত উদাহরণ। ছাব্বিশের আইপিএলে মুম্বই রওনা হওয়ার আগে ‘নাইটস আনপ্লাগড ৩.০’ অনুষ্ঠানের মঞ্চে সবচেয়ে বড় চমক ছিল সহ-অধিনায়ক হিসেবে রিঙ্কুর নাম ঘোষণা। ঘোষক নামটি বলার পরেই করতালিতে ফেটে পড়ে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলের বলরুম। মঞ্চে উঠতেই কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর বুকে টেনে নেন রিঙ্কুকে। পিঠ চাপড়ে দেন। প্রশংসাবাণী শুনতে শুনতে রিঙ্কুর চোখগুলো ছলছল করছিল। কোনওক্রমে তিনি আবেগে ব্রেক কষছিলেন।

Advertisement

গলি থেকে রাজপথের এই সফর সহজ ছিল না রিঙ্কুর কাছে। উত্তরপ্রদেশের আলিগড়ে এক অত্যন্ত সাধারণ পরিবার থেকে তাঁর পথ চলা শুরু। বাবা গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতেন। কখনও কখনও হাত লাগাতেন রিঙ্কুও। অভাবের সংসার সামলেও স্বপ্ন দেখতেন বড় ক্রিকেটার হওয়ার। তা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। কিন্তু একের পর এক হার্ডল টপকে আজ রিঙ্কু স্বপ্নের ফেরিওয়ালা।  
২০১৮ সালে যখন কেকেআরে মাত্র ৮০ লক্ষ টাকার বিনময়ে পাঞ্জাব কিংস থেকে যোগ দিয়েছিলেন, তখন ডাগ-আউটই ছিল তাঁর ঠিকানা। প্রথম দিকে মেরেকেটে তিন-চারটি ম্যাচে সুযোগ পেতেন রিঙ্কু। কিন্তু তাঁর কেরিয়ারের ব্রেক-থ্রু ২০২৩ আইপিএলে। গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে দলকে জেতানোর পুরস্কারও পেয়েছেন। এক ধাক্কায় তাঁর দর বেড়ে হয়েছে ১৩ কোটি। আন্দ্রে রাসেল অবসর নেওয়ার পর তিনিই ডেথ ওভারে দলের বড় ভরসা। আসলে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিই ভারতীয় ক্রিকেটারদের লিডারশিপ গ্রুপে রাখছে। ঈশান কিষান হয়েছেন সানরাইজার্সের ক্যাপ্টেন। গিল সমলাচ্ছেন গুজরাতের দায়িত্ব। রাহানে আপাতত কেকেআরের ক্যাপ্টেন। কিন্তু তাঁর বিকল্প হিসেবেও ভাবনা শুরু শাহরুখ খানের দলের। এমনিতেই রিঙ্কুর সারল্য ও ব্যাট হাতে খুনে মেজাজ কিং খানের বড়ই পছন্দ। অনেকে বলছেন সেই সমীকরণ থেকেই রাহানের ডেপুটি হিসেবেই রিঙ্কুর উত্থান।
ছাব্বিশের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করবে ২৯ মার্চ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। এই মাঠে নাইটদের রেকর্ড মোটেও ভালো নয়। তবে রাহানেরা এবার ভাগ্য বদলাতে সংকল্পবদ্ধ। শক্তিশালী ব্যাটিংই ভরসা জোগাচ্ছে তিনবারের চ্যাম্পিয়নদের। কারণ, চোট সমস্যায় পেস আক্রমণের ঝাঁঝ কমেছে। আকাশদীপের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে বাঁ হাতি সৌরভ দুবেকে। হর্ষিতের বিকল্প এখনও ঝুলে।
বুধবার মুম্বই উড়ে যাচ্ছে নাইট ব্রিগেড। স্বস্তির খবর, বিমান বিভ্রাটের ঝুঁকি কাটিয়ে স্কোয়াডে যোগ দিয়েছেন সুনীল নারিন। পেস আক্রমণের দুর্বলতা ঢাকতে তিনি ও বরুণ চক্রবর্তীর স্পিনই ভরসা কেকেআর টিম ম্যানেজমেন্টের। 

সম্পর্কিত সংবাদ