নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাওড়া জেলা আদালতের মধ্যে গোলমালের ঘটনায় সাত পুলিস কর্মীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ২৯ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। ফলে ততদিন পর্যন্ত বিশাল গর্গ, ভাবনা গুপ্তা, ভি এস আর অনন্ত নাগের মতো তিন আইপিএসের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিসের চার কর্মীর আপাতত স্বস্তি। আদালত অবমানার মামলায় এখনই তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
২০১৯ সালের ২৪ এপ্রিলের ঘটনা। হাওড়া জেলা আদালত চত্বরে আইনজীবী এবং হাওড়া পুরসভার কর্মীদের মধ্যে ব্যাপক গোলমাল হয় বলে অভিযোগ। ভাঙচুর, লাঠিচার্জ, পথ অবরোধ, উভয়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় হাওড়া জেলা আদালতের মধ্যে পুলিস ঢুকে লাঠিচার্জ করে বলেও অভিযোগ। যার জেরে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করে। ওই বছরের ২৯ মে বিচারবিভাগীয় কমিশন গড়ে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতেও বলে। সেই রিপোর্টে সাত পুলিস কর্মীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলার সুপারিশ করা হয়।
মাঝে কোভিড পর্বে মামলা কিছুটা থমকে গেলেও ২০২২ সালে হাওড়া বার অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে ২০২৫ সালের ২ মে হাইকোর্ট বিষয়টিকে আদালত অবমাননা বলেই ধার্য করে। আগামী ২৬ জুনের পর এ ব্যাপারে ট্রায়াল শুরুর নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিশাল গর্গ সুপ্রিম কোর্টে আবেন করেন। পাশে দাঁড়ায় পশ্চিমবঙ্গ সরকার। সোমবার শীর্ষ আদালতে বিচারপতি উজ্জ্বল ভুয়ান এবং বিচারপতি মনমোহনের গ্রীষ্মবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি ছিল। রাজ্য সরকারের আইনজীবী বিশ্বজিৎ দেব, বিশাল গর্গের আইনজীবী কে রাঘবচার্যলু সওয়াল করেন। তারই ভিত্তিতে শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ।