নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলাটির সুপ্রিম কোর্টে শুনানির দিন ধার্য হয়েছে আগামীকাল শুক্রবার। বিচারপতি প্রশান্ত কুমার ও বিচারপতি চন্দ্রশেখরের আদালতে শুনানির জন্য মামলাটি অন্তর্ভুক্ত হয়েছে। গত ১৯ আগস্ট মামলটির শেষ শুনানি হয়েছিল। সেইসময় পরবর্তী শুনানির যে দিন ধার্য করা হয়েছিল তার থেকে কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। গত শুনানির সময় শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, ইন্দু মালহোত্রা কমিটি পুরো বিষয়টির উপর সব পক্ষকে নিয়ে বৈঠক করে আদালতের কাছে একটি রিপোর্ট পেশ করবে। তার জন্য ৮ সপ্তাহ সময় দেওয়া হয়। কিন্তু মালহোত্রা কমিটি এখনো কোনো বৈঠক করে উঠতে পারেনি। ১২ সেপ্টেম্বর বৈঠকের দিন নির্ধারণ করা হলেও শেষ সময়ে তা বাতিল হয়ে যায়। এই পরিস্থিতিতে শুক্রবার মামলাটি উঠলেও কোনো চূড়ান্ত ফায়সালা হওয়া নিয়ে অনিশ্চয়তায় আছেন মামলাকারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ’র বিষয়টি পর্যালোচনা করার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে বিশেষ কমিটি তৈরি করা হয়। গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মী ও অবসরপ্রাপ্তরা এখনো বকেয়া ডিএ পাননি। সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ নিয়ে কিছু অভিযোগ আছে। এই দুটি গুরুত্বপর্ণ বিষয়ের নিষ্পত্তি হওয়ার দিকে তাকিয়ে আছে সব পক্ষ।



