নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মতো কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মতো কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার।
সোমবার আইনমন্ত্রক এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি বাগচির নিয়োগে সিলমোহর দিয়েছেন। ফলে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে আরও এক বাঙালি যুক্ত হতে চলেছেন। ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে তাঁর নাম সুপারিশ করে। সেই অনুযায়ী পদক্ষেপ করেছে আইনমন্ত্রক। এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল এই বিষয়ে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। একজন বাঙালি বিচারপতি হিসেবে শীর্ষ আদালতে নিযুক্ত হওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচিকে আমার অভিনন্দন। তিনি আজ রাষ্ট্রপতি দ্বারা শীর্ষ আদালতে নিযুক্ত হওয়ার সম্মতি পেয়েছেন, যা আমাদের জন্য গর্বের। তাঁর যাত্রা সফল হোক।’
উল্লেখ্য, বিচারপতি বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ছাড়পত্র দেওয়ার পাশাপাশি, সম্প্রতি কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে তিনজনের নামে সম্মতি দিয়েছিল কেন্দ্র। সেইমতো স্মিতা দাস দে, ঋতব্রতকুমার মিত্র এবং ওমনারায়ণ রাই হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে আজ মঙ্গলবার শপথ গ্রহণ করতে চলেছেন।