পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর চেয়ে মামলা, খারিজ করল সুপ্রিম কোর্ট
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে গত ২০ জুলাই দিল্লিতে আন্দোলনে অংশ নিয়েছিল বহু পড়ুয়া। পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। কিন্তু সেই সব এফআইআর খারিজ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশের বিরোধিতা করে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। যে সব আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল, তা নিয়ে তদন্তের দাবি করা হয় ওই মামলায়। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তরুণ পড়ুয়াদের আইনি প্যাঁচে ফেলতে চায় না আদালত। এল রামানাথনের করা ওই জনস্বার্থ মামলায় বলা হয়, পুলিশের কাজে কোনো বিচারবিভাগীয় হস্তক্ষেপ হতে পারে না। কারণ, পুলিশ স্বাধীন ও সার্বভৌম। পালটা প্রধান বিচারপতি জানান, এফআইআর বাতিলের ক্ষেত্রে আদালত সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী তার ক্ষমতা প্রয়োগ করেছে। তিনি বলেন, ‘আপনি বলছে যে আমাদের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে এফআইআর বাতিল করা উচিত হয়নি। কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করুন। এরা তরুণ পড়ুয়া। তাদের বাবা-মা ও ভবিষ্যতের কথা বিবেচনা করতে হবে। আমরা চাই না ওরা আইনি জটিলতায় জড়িয়ে পড়ুক এবং তাদের আদালতে আসতে হোক।’

Advertisement