নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বি ভি নাগারত্নর বেঞ্চ মঙ্গলবার শুনানিতে পিটিশন দেখে প্রবল অসন্তোষ প্রকাশ করে। বিচারপতিরা বলেন, ইদানিং এ আইয়ের সাহায্যে পিটিশনের কপি লেখা হচ্ছে। যার ফলে এই ভুলে ভরা আবেদন জমা পড়ছে।
বেঞ্চের মন্তব্য, পিটিশনে মামলা পোক্ত করতে পুরনো রায় বলে এমন কিছু উল্লেখ করা হচ্ছে, যা আদতে ওই রায়ে নেই। ‘মার্সি ভার্সেস ম্যানকাইন্ড’ বলেও কোনো কেসের কথা উল্লেখ করা হয়েছে। আদতে এরকম কোনো মামলাই নেই। কিছুদিন ধরেই এ ধরনের বিভ্রান্তকর, নকল অংশ উল্লেখ করে মামলার পিটিশন জমা পড়ছে। যা মোটেই বাঞ্ছনীয় নয়। সুপ্রিম কোর্টের মন্তব্য, যে কোনো মামলার পিটিশন লেখার কাজ আইনজীবীরই। কিন্তু তারা নিজেরা না লিখে এ আই দিয়ে লিখছেন। এটা মোটেই গ্রহণীয় নয়।