রূপাঞ্জনা দত্ত, লন্ডন: বিজেপির বঙ্গ বিজয়ের ঢেউ আছড়ে পড়ল টেমসের পাড়েও। উত্তর-পশ্চিম লন্ডনের কুইনসবেরি স্টেশনের কাছে একটি পার্কে জয়ের উদযাপন করল ইংল্যান্ডের দ্য ওভারসিজ ফ্রেন্ডস অব বিজেপি (ওএফবিজেপি)। তাতে অংশ নেন বহু প্রবাসী ভারতীয়। বাংলার পাশাপাশি অসম ও পুদুচেরির জয়ও উদযাপিত হল ধুমধামের সঙ্গেই।
গেরুয়া শিবিরের এই জয়ের সেলিব্রেশনে ঢোলের পাশাপাশি ছিল ডিজে মিউজিকও। নাচে-গানে জয়ের উদযাপন করেন সমর্থকরা। বারবার ওঠে ‘মোদি, মোদি’ স্লোগান। উদযাপনের অন্যতম অংশ ছিল খাওয়াদাওয়াও। তালিকায় ছিল লাড্ডু, শিঙাড়া, ভাজিয়ার মতো একাধিক ভারতীয় খাবার। এই অনুষ্ঠানে যোগ দেন হ্যারোর এমপি বব ব্ল্যাকম্যানও।
ওএফবিজেপির এক মুখপাত্র বলেন, এই জয় বিজেপি নেতৃত্বের উপর জনতার ভরসার প্রতিফলন। গেরুয়া শিবিরের সমর্থকদের শুভেচ্ছা জানান বব ব্ল্যাকম্যানও। এই জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় রাজনীতির নতুন অধ্যায় বলে বর্ণনা করেন তিনি। রাজ্যে পালাবদল নিয়ে আশাপ্রকাশ করেছেন লন্ডনের প্রবাসী বাঙালিরা।
‘বর্তমান’কে তাঁরা বলেছেন, নতুন সরকারের উচিত শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানকে প্রাথমিক গুরুত্বের তালিকায় রাখা। পাশাপাশি কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবারও দাবি জানিয়েছেন তারা। ইতিমধ্যেই এই দাবিতে প্রচারে নামার পরিকল্পনা করেছে হেরিটেজ বেঙ্গল গ্লোবাল কানেক্ট গ্রুপের প্রবাসী বাঙালি সদস্যরা। তাঁদের প্রত্যাশা, ইংল্যান্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক মজবুত হলে পর্যটন, স্বাস্থ্য ও ব্যবসায়িক সুযোগসুবিধা বাড়বে। পাশাপাশি আরজিকরের নির্যাতিতার বিচারের দাবিও জানিয়েছেন তাঁরা। আলোচনায় উঠে এসেছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের কেলগ কলেজে বক্তৃতার প্রসঙ্গও। বিজেপির বঙ্গ বিজয় উদযাপনে অংশ নিয়েছেন হ্যারোর এমপি বব ব্ল্যাকম্যান।