Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাঠ-ময়দানের সঙ্গে সমাজমাধ্যমে প্রচারে জোর সমর্থকদের, বাদ যাচ্ছেন না প্রার্থীরা

নির্বাচন ঘোষণা হতেই সময় নষ্ট না করে প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, কর্মী ও সমর্থকরা। তবে, শুধু মাঠে ময়দানে নয়।

মাঠ-ময়দানের সঙ্গে সমাজমাধ্যমে প্রচারে জোর সমর্থকদের, বাদ যাচ্ছেন না প্রার্থীরা
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সৌম্য দে সরকার, মালদহ: নির্বাচন ঘোষণা হতেই সময় নষ্ট না করে প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, কর্মী ও সমর্থকরা। তবে, শুধু মাঠে ময়দানে নয়। সমাজমাধ্যমকে সাতদিন ২৪ ঘণ্টা প্রচারের প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার শুরু করে দিয়েছে সব দলই। শুধুমাত্র দলের প্রার্থীদের ছবি ও প্রতীক দিয়ে নয়, সারাদিনে কোথায় মিছিল কিংবা পথসভা হল, সবকিছুই সমাজ মাধ্যমে তুলে ধরছেন বিভিন্ন  দলের সমাজমাধ্যম কর্মীরা।

Advertisement

সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র বলেন, আমরা  হাঁটাতেও আছি, নেটেও (ইন্টারনেট) আছি। সমাজমাধ্যম  এখন জনসংযোগের গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই আমাদের বিশেষ টিম ফেসবুকের দেওয়ালে তুলে ধরছে দলের বক্তব্য এবং প্রচার।
এছাড়াও হোয়াটসঅ্যাপ, এক্স, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় মাধ্যমে প্রার্থীদের সমর্থনে বিশেষ প্রচার চলছে লাগাতার। দলের প্রতিটি মিছিল ও সভা সম্প্রচারও করা হচ্ছে সেখানে।
মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের কথায়, দলের প্রার্থীরা পাড়া, বুথে যাচ্ছেন। একই সঙ্গে আমাদের সমাজমাধ্যম টিম ময়দানে নেমে পড়েছে। প্রার্থী এবং দলের প্রচারের রোজনামচা আমরা আমাদের বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মানুষের কাছে পাঠিয়ে দিচ্ছি। এখন সকলেই ব্যস্ত থাকেন। তাই সমাজমাধ্যম ঘাঁটতে ঘাঁটতে আমাদের প্রচার দেখে নিতে পারছেন।
জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু জানান, তৃণমূলের প্রশিক্ষিত যুবক যুবতীরা বিভিন্ন ইতিবাচক প্রচারের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর কাজ সমাজমাধ্যমে তুলে ধরছেন। প্রার্থীদের ছবি এবং প্রচারের ভিডিও আপলোড করা হচ্ছে। প্রচুর মানুষ লাইক ও শেয়ার করছেন সেগুলি।
প্রচারের জন্য জেলা কংগ্রেসের ৩৫ জন সদস্যের এক বিশেষ  সমাজমাধ্যম টিম রয়েছে। দলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মান্তু ঘোষ বলেন, আমাদের যেহেতু প্রার্থী ঘোষণা হয়নি, তাই  দলের প্রতীক এবং বক্তব্য নিয়েই সমাজমাধ্যমে প্রচার চালাচ্ছি। গাজোলের তৃণমূল প্রার্থী প্রসেনজিত্‌ দাস তাঁর ভোটের দিনিলিপি নিজে তুলে ধরছেন সমাজমাধ্যমের পেজে। একইভাবে নিজের প্রতিটি নির্বাচনী কর্মসূচি প্রচারে সক্রিয় মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। ইংলিশবাজারের সিপিএম প্রার্থী অম্বর মিত্রও সমাজমাধ্যমে একই রকম সক্রিয়। হাতে থাকা মোবাইলের স্ক্রিনে চোখ রেখে মালদহের জনতাও তাই ঘরে বসেই দেখে নিচ্ছে রাজনৈতিক দলগুলির প্রার্থী এবং তাঁদের প্রচার। 

সম্পর্কিত সংবাদ