নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপে টানা দু’ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। শেষ ম্যাচে নামিবিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে সূর্যকুমার যদব ব্রিগেড। তবে পাকিস্তান ম্যাচের আগে সে সব মাথায় না রাখার পরামর্শ দিচ্ছেন সুনীল গাভাসকর। তাঁর মতে ভারত-পাক দ্বৈরথ সব সময় অন্য মাত্রায় পৌঁছায়। তাই অতীতের পরিসংখ্যান সেখানে মূল্যহীন। সেই কারণে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সূর্যকুমারদের মাঠে নামার পরামর্শ দিয়েছেন লিটল মাস্টার। সানির কথায়, ‘শ্রীলঙ্কার উইকেটে স্পিনাররা বাড়তি সাহায্য পায়। তাই ভারতের উচিত তিন স্পিনার নিয়ে মাঠে নামা। সেক্ষেত্রে পেসার অর্শদীপ সিংয়ের বদলে কুলদীপ যাদবকে খেলালে লাভবান হবে দল।’



