Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সানরাইজার্স প্রসঙ্গে বিস্ফোরক গাভাসকর

ফের বিস্ফোরক সুনীল গাভাসকর। এবার ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে মুখ খুললেন সানি। দ্য হান্ড্রেড লিগে পাক স্পিনার আবরার আহমেদকে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডসের দলে নেওয়ার সিদ্ধান্তে কড়া সমালোচনা করলেন তিনি।

সানরাইজার্স প্রসঙ্গে বিস্ফোরক গাভাসকর
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের বিস্ফোরক সুনীল গাভাসকর। এবার ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে মুখ খুললেন সানি। দ্য হান্ড্রেড লিগে পাক স্পিনার আবরার আহমেদকে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডসের দলে নেওয়ার সিদ্ধান্তে কড়া সমালোচনা করলেন তিনি। কিংবদন্তি ওপেনারের মতে, পাক ক্রিকেটারদের দলে নিলে পরোক্ষে ভারতীয়দের রক্তক্ষরণে মদত দেওয়া হয়। সানির এই মন্তব্যের পর ফের নেট দুনিয়ায় তুফান উঠেছে। সকলেই প্রাক্তন ভারত অধিনায়ককে সমর্থন জানিয়ে সমালোচনায় বিদ্ধ করেছেন সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজিকে। 

Advertisement

২০০৮ সালে মুম্বই হামলার পর পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নেওয়া নিয়ে জারি হয়েছে নিষেধাজ্ঞা, যা এখনও বহাল। এমন আবহে দ্য হান্ড্রেড লিগে চলতি মরশুমে সানরাইজার্স লিডস দলে নিয়েছে পাক স্পিনার আবরারকে। এর পরেই সমালোচনার ঝড় আছড়ে পড়ে ফ্র্যাঞ্চাইজি মালিক কাব্য মারানের উপর। এমনকী, আইপিএলে হায়দরাবাদ ম্যাচ বয়কটের ডাক দেন অনুরাগীরা। এমন পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে নেমে সিদ্ধান্তটি কোচের বলে ড্যানিয়াল ভেট্টোরির দিকে হাওয়া ঘোরানোর চেষ্টা করেন মালকিন কাব্য। এবার তারই পাল্টা দিলেন লিটল মাস্টার। গাভাসকরের মন্তব্য, ‘ফ্র্যাঞ্চাইজিদের থেকে পাওয়া অর্থ দিয়েই পাক ক্রিকেটাররা দেশের কর মেটান। আর সেই করের টাকায় পাকিস্তান অস্ত্র কেনে, যা ব্যবহার করে ভারতীয়দের প্রাণ নেয়। ফলে পড়শি দেশের ক্রিকেটারদের দলে নিলে আসলে নিজের দেশের ক্ষতি করা হয়। ভেট্টোরি ভিনদেশি। ওর পক্ষে ভারত-পাক সম্পর্ক বোঝা সম্ভব নয়। কিন্তু সানরাইজার্সের মালিকদের এই বিষয়টা মাথায় রাখা উচিত ছিল।’ পাশাপাশি সানরাইজার্স মালিকদের উদ্দেশ্যে গাভাসকরের প্রশ্ন, ‘ভারতীয়দের জীবনের থেকে কোনও টুর্নামেন্ট জেতা জরুরি হতে পারে?’ সানির মন্তব্য ও প্রশ্নের পর আরও ব্যকফুটে সানরাইজার্স মালিকরা। এমন পরিস্থিতিতে তারা কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।  

সম্পর্কিত সংবাদ