নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দার্জিলিংকে রাজ্যের প্রথম ‘গ্লোবাল ডেস্টিনেশন’ হিসাবে গড়ে তোলার কথা আগেই ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে সুন্দরবন। রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে এমনই পরিকল্পনা ডবল ইঞ্জিন সরকারের। বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষ্যে রবিবার রায়চকে এক অনুষ্ঠানে জানালেন বিভাগীয় মন্ত্রী শংকর ঘোষ।
পর্যটনমন্ত্রী বলেন, দার্জিলিংকে গ্লোবাল ডেস্টিনেশনের ঘোষণা বিজেপির সংকল্পপত্রেই ছিল। রাজ্যে আরও একটি জায়গাকে এই তকমা দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে অনুরোধ করা হয়। তাতে তিনি রাজি হয়েছেন। সেইমতো মন্দারমণি ও সুন্দরবনের মধ্যে কোনো একটি স্থানকে এই তালিকায় যুক্ত করার কথ চলছিল। শেষপর্যন্ত সুন্দরবনকেই রাজ্যের দ্বিতীয় গ্লোবাল ডেস্টিনেশন হিসাবে উন্নত করার সিদ্ধান্ত হয়েছে। সুন্দরবনে সহজে পৌঁছানোর জন্য এবার নদীপথে বিকল্প ব্যবস্থাও করা হবে।
মন্ত্রী বলেন, সুন্দরবনের পর্যটন কেন্দ্রে পৌঁছাতে ভ্রমণপিপাসুদের বেশ সমস্যা হয়। রয়েছে যানজটের ঝঞ্ঝাট। তাই জেলা প্রশাসন বিকল্প রাস্তার একটি পরিকল্পনা সরকারকে জমা দিয়েছে। তাছাড়া মাথায় রয়েছে ওয়াটার ট্রান্সপোর্টের মাধ্যমে পর্যটকদের কলকাতা থেকে সুন্দরবনে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার সম্ভাবনা। বিষয়টি নিয়ে পরিবহণমন্ত্রীর সঙ্গে আমি কথা বলব। এছাড়া স্যাটেলাইটের সাহায্যে পর্যটন ম্যাপ তৈরির জন্য দুই ২৪ পরগনার জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সেখান থেকে ম্যানগ্রোভ সংরক্ষণ করার কাজও করা যাবে বলে তাঁর দাবি। সুন্দরবনের পাশাপাশি গঙ্গাসাগরে কী করে সারাবছর পর্যটকদের আনাগোনা বাড়ানো যায়, সেই ব্যাপারেও উদ্যোগ নেবে সরকার। আশ্বাস দিয়েছেন শংকরবাবু। এদিনের অনুষ্ঠানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, সাগর ও ফলতার বিধায়করা এবং পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।