নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরমের ছুটি ৬ দিন থেকে বাড়িয়ে ২১ দিন করে দিল স্কুলশিক্ষা দপ্তর। এটি কার্যকর হবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক—সমস্ত স্কুলেই। মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের হলিডে লিস্ট অনুযায়ী ১১ মে থেকে ১৬ মে গরমের ছুটি ঘোষণা ছিল প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। সেটি বাড়িয়ে করা হয়েছে ৩১ মে। ১ জুন সমস্ত স্কুল খুলবে। শিক্ষাদপ্তর সূত্রের খবর, এসআইআর, বিধানসভা নির্বাচন—প্রভৃতির কারণে এবার কম রাখা হয়েছিল গ্রীষ্মাবকাশ। তবে, মাত্র ৬ দিনের ছুটি ঘিরে অসন্তোষও ছিল। বিজেপি শিক্ষক সেলের সহ-আহ্বায়ক পিন্টু পাড়ুই বলেন, আমরা সরকারের কাছে ছুটি বৃদ্ধির আবেদন জানিয়েছিলাম। সরকার তা মেনে নেওয়ায় আমরা খুশি।
অন্যান্য বছর স্কুলের সঙ্গে সামঞ্জস্য রেখে ছুটি দেওয়া হয় মাদ্রাসায়। তবে, এবার স্কুলের সঙ্গে মাদ্রাসার ছুটিতে বেশ ফারাক রয়েছে। হলিডে লিস্ট অনুযায়ী মাদ্রাসায় গরমের ছুটি থাকার কথা ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত। তাতে বকরি ইদের ছুটিও যুক্ত। সব মিলিয়ে ৯ দিন ছুটি। মাদ্রাসা শিক্ষক নেতা আবু সুফিয়ান পাইক বলেন, এতদিন স্কুল এবং মাদ্রাসার ছুটির ক্ষেত্রে সামঞ্জস্য থাকত। এবছর গরমের শেষের দিকে কেন ছুটি ঘোষণা করা হল তা বুঝতে পারছি না। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে এই ব্যাপারে পদক্ষেপ করুক সরকার।
প্রসঙ্গত, সরকারের অধীন সমস্ত সংস্থায় মনোনীত সদস্যদের বরখাস্ত করার নির্দেশে পদ গিয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিনেরও। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষাদপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে এই ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে, তাঁকে ফোনে পাওয়া যায়নি।